বিমানকে আগেই বিলুপ্ত করা উচিত ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের প্রতি ভালোবাসা দেখাতে মানুষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমানকে ভালোবাসে। কিন্তু বিমানের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগের কোনো শেষ নেই। বিমান কর্তৃপক্ষ সেবা কিংবা বাণিজ্য কোনোটিই দিতে পারছে না। এ অদক্ষতা এবং অব্যবস্থাপনার জন্য বিমানকে অনেক আগেই বিলুপ্ত করা উচিত ছিল। বিমানের সামগ্রিক অবস্থার পরিবর্তন না হলে সরকারের আর্থিক বরাদ্দ প্রত্যাহার করে নেওয়া হবে।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি লন্ডন-সিলেট ফ্লাইট আবার চালু উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানের প্রতি ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী এসব কথা বলেন।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটানা প্রায় ১০ মাস বিরতির পর আজ থেকে লন্ডন-সিলেট সরাসরি বিমান চলাচল শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমদ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, ছয় মাসের মধ্যে ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশনের নির্মাণকাজ সম্পন্ন হলে সিলেট থেকে লন্ডনে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, আবার চালু হওয়া লন্ডন-সিলেট ফ্লাইট বন্ধ হবে না। সিলেটে রিফুয়েলিং স্টেশন স্থাপনের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, সিলেট থেকে হজযাত্রীদের বহন করতে সিলেট-জেদ্দা ফ্লাইট শিগগিরই চালু হবে। সিলেট থেকে জেদ্দায় সপ্তাহে দুটি ফ্লাইট যাবে বলে মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে জানান।বিমানবন্দর সূত্র জানায়, সকাল আটটা ৪০ মিনিটে ৪২০ জন যাত্রী বহনকারী বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।