বিমানকে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার পরামর্শ
বিমান বাংলাদেশ পাবলিক লিমিটেড কোম্পানির শর্ত মেনে চলছে না। রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানটি এখনো সরকারের শতভাগ আর্থিক সহায়তায় চলছে। পুঁজিবাজারে ৫১ শতাংশ শেয়ার ছাড়ার বিধান মানা হচ্ছে না। সে জন্য প্রতিষ্ঠানটিকে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজ করার পরামর্শ দিয়েছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। তবে বৈঠকে বিমান নিজেদের স্বাধীন প্রতিষ্ঠান বলে দাবি করেছে। বৈঠক সূত্র জানায়, ২০১০ সালের জুনে ইজারা নেওয়া ৭৪৭ উড়োজাহাজের ফ্লাইট বন্ধের ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির প্রতিবেদন নিয়ে বৈঠকে আলোচনা হয়। এই প্রতিবেদনে ঘটনার জন্য বিমানের চেয়ারম্যান জামাল উদ্দীন আহমেদকে দায়ী করা হয়েছে। এ ঘটনায় বিমানের ৪৫ লাখ টাকার আর্থিক ক্ষতি এবং যাত্রীসেবার সুনাম ক্ষুণ্ন হয়েছে। সূত্র জানায়, বৈঠকে বিমানের চেয়ারম্যান দাবি করেন, বিমান একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিমানের যেকোনো সিদ্ধান্ত পরিচালনা পর্ষদ নিয়ে থাকে। তবে কমিটির সদস্যরা তাঁর এই বক্তব্য আমলে নেননি। জানতে চাইলে কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী সাংবাদিকদের বলেন, বিমান পাবলিক লিমিটেড কোম্পানি হলেও স্বতন্ত্র প্রতিষ্ঠানের শর্ত পূরণ করতে পারেনি। সে জন্য কমিটি প্রতিষ্ঠানটিকে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে বলেছে। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, বীরেন শিকদার, এস কে আবু বাকের ও মইনুদ্দিন খান বাদল বাদল, বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।