বিমানঘাঁটি দখল সিরিয়ার বিদ্রোহীদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারবিরোধীরা দাবি করেছে, বিদ্রোহী যোদ্ধারা আলেপ্পো শহরের কাছে একটি প্রতিরক্ষা বিমানঘাঁটি দখল করেছে। সরকারবিরোধী আন্দোলনকারীদের একটি সংগঠনের দাবির বরাত দিয়ে আজ শনিবার আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ নামের ওই সংগঠনটির পক্ষ থেকে গতকাল শুক্রবার দাবি করা হয়, বিদ্রোহী যোদ্ধারা আলেপ্পো শহরের কাছে আল তানা গ্রামে অবস্থিত একটি প্রতিরক্ষা বিমানঘাঁটি দখল করে। এদিকে মারাত আল নুয়ামান শহরের একটি সামরিক ব্যারাকে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে বলে জানা গেছে। চলতি সপ্তাহের শুরুর দিকে বিদ্রোহীরা ওই শহরটি দখল করার দাবি করেছিল। সরকারবিরোধী আন্দোলনকারীরা দাবি করেছে, গত দুই দিনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত শতাধিক সেনাকে হত্যা করেছে তারা। এর মধ্যে বৃহস্পতিবার ৯২ জন ও গতকাল শুক্রবার ১৪ জন সেনাকে হত্যা করা হয়েছে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।এদিকে গতকাল রাশিয়া দাবি করেছে, মস্কো থেকে দামেস্কগামী সিরিয়ার যাত্রীবাহী বিমানে কোনো অস্ত্র পরিবহন করা হচ্ছিল না। বিমানটিতে যাত্রীর পাশাপাশি রাডারসামগ্রী ছিল। গত বুধবার তুরস্কের কর্তৃপক্ষ অস্ত্র পরিবহনের অভিযোগে সিরিয়ার একটি বিমান রাজধানী আঙ্কারায় অবতরণে বাধ্য করে। পরে কিছু কার্গো জব্দ করে বিমানটিকে আঙ্কারা ত্যাগের অনুমতি দেওয়া হয়। তুরস্ক দাবি করেছে, জব্দ করা কার্গোতে রাশিয়ায় তৈরি অস্ত্র পাওয়া গেছে।