বিমানবন্দর থেকে উদ্ধার করা দ্রব্য নতুন মাদক ‘ক্যাটামিন’
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচারের সময় মাদক সন্দেহে উদ্ধার করা প্রায় ২০ কেজি দ্রব্য নতুন ধরনের মাদক ‘ক্যাটামিন’। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের ড্রাগ এনফোর্সমেন্ট বিভাগের বিশেষজ্ঞরা দ্রব্যগুলো পরীক্ষার পর এ অভিমত দিয়েছেন। ৪ মে মাদকগুলো উদ্ধার করেন বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।পুলিশ ও শুল্ক কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ক্যাটামিন এক ধরনের মাদক, যা মূলত পশু অজ্ঞান করার কাজে ব্যবহূত হয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এটি নেশাকারক মাদক হিসেবে ব্যবহূত হচ্ছে।সূত্র জানায়, ১২ মে যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের ড্রাগ এনফোর্সমেন্ট বিভাগের দিল্লি অফিসের বিশেষজ্ঞ জেসন শুমেখার ও বিশেষ তদন্তকারী সারাহ পি ববলেঞ্জ সাদা দানাদার পাউডারগুলো পরীক্ষা করে ক্যাটামিন হিসেবে শনাক্ত করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক আবু তালেব জানান, ক্যাটামিন দেখতে সাদা চিনির মতো একটু বড় দানাদার। বিমানবন্দরে উদ্ধার করা দ্রব্যের সঙ্গে এর মিল রয়েছে। তবে বাংলাদেশের প্রচলিত আইনে এটির ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। মাদকটি এলএসডির মতো ভ্রম তৈরি করে। বাংলাদেশে ওষুধ তৈরিতে এর ব্যবহার রয়েছে।মার্কিন কর্মকর্তারা শুল্ক বিভাগ ও পুলিশকে জানিয়েছেন, ভারতের চেন্নাই (তামিলনাড়ু) থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাচারকালে সম্প্রতি কয়েকটি ক্যাটামিনের চালান আটক করা হয়। গত ডিসেম্বরে মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন ভারতীয় নাগরিকের কাছ থেকে ৬৬ দশমিক ৪ কেজি ক্যাটামিন উদ্ধার করা হয়। তাঁরা চেন্নাই থেকে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে যাচ্ছিলেন।ইন্টারনেট ঘেঁটে জানা গেছে, বিদেশে ক্যাটামিনকে জেট, সুপার এসিড, স্পেশাল ‘কে’, গ্রিন, কে, ক্যাট ভলিউম ইত্যাদি নামে ডাকা হয়। তরল ক্যাটামিন পান করে, শরীরে ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করে বা হেরোইনের মতো ধোঁয়া সৃষ্টি করেও নেশা করে মাদকসেবীরা।ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের ড্রাগ এনফোর্সমেন্ট বিভাগের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে পশু চিকিৎসায় ক্যাটামিনের ব্যবহার রয়েছে। সম্প্রতি কয়েকটি পশু চিকিৎসালয় থেকে ক্যাটামিন লুটের ঘটনা ঘটেছে।ক্যাটামিন উদ্ধারকারী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা তত্ত্বাবধায়ক শামসুল ইসলাম খান জানান, এখন পর্যন্ত মাদকগুলো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ভারতীয় যুবক ইলামুরুগু মারোখামুতুকে জিজ্ঞাসাবাদের জন্য আজ থেকে দুই দিনের রিমান্ডে নেওয়া হবে।