বিমানবন্দর থেকে উদ্ধার করা মাদক ইয়াবার উপাদান ‘ইফিড্রিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে উদ্ধার করা ৮২ কেজি মাদক ইয়াবা তৈরির অন্যতম উপাদান ইফিড্রিন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন কর্মকর্তারা। ইফিড্রিন থেকে ইয়াবা বা মিথাএম্ফিটামিন তৈরি করা যায়। এদিকে এই মাদক উদ্ধারের ঘটনায় গতকাল শুক্রবার একটি মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শামসুল ইসলাম খান বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। শামসুল ইসলাম খান জানান, মামলায় চালানটি প্রেরণকারী টেক্সটাইল অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সহায়তাকারী সিঅ্যান্ডএফ এজেন্ট এইচ টি কার্গো সার্ভিসেসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও মালিক হানিফ এবং সহকারী স্ক্যানিং অপারেটর কুদরত এলাহীকে আসামি করা হয়েছে। বিমানবন্দরে স্ক্যানিংয়ের দায়িত্বে রয়েছে এভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। মামলায় তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বিদেশে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।শামসুল ইসলাম জানান, আমেরিকার একটি সংস্থার দেওয়া মাদক পরীক্ষণ কিটের সাহায্যে পরীক্ষা করে ও অন্যান্য সূত্র থেকে তাঁরা নিশ্চিত হয়েছেন, এগুলো ইফিড্রিন, যা দিয়ে মিথাএ্যাম্ফিটামিন বা ইয়াবা তৈরি করা হয়।শুল্ক গোয়েন্দা ও বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সটাইল অ্যাসোসিয়েটস নামে এই প্রতিষ্ঠানটি কিছুদিন আগেই আরও একটি চালান মালয়েশিয়া পাঠিয়েছিল। ব্যাংকের কাগজ, লাইসেন্স সবকিছুই এই প্রতিষ্ঠানের নামে। তখনো তারা এইচ টি কার্গো সার্ভিসেসের সাহায্য নিয়েছিল।এদিকে ইন্টারনেট ঘেঁটে জানা গেছে, চীনা ভেষজ ওষুধ হিসেবে মূলত ইফিড্রিনের ব্যবহার শুরু হয়। ইফিড্রা নামে এক ধরনের গাছের নির্যাস থেকে প্রক্রিয়াজাত করে তৈরি হয় ইফিড্রিন। জ্বর, কফ, কাশি, হাঁপানিসহ বিভিন্ন রোগের ওষুধ হিসেবে এটি ব্যবহার করা হয়। এ ছাড়া শরীর গঠনের (বডিবিল্ডিং) জন্যও এটি সেবন করা হয়। এর বাইরেও এটি থেকে অনেক ওষুধ ও মাদক তৈরি হয়। এর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এটি আমেরিকায় নিষিদ্ধ করা হয়।কর্মকর্তারা জানান, এর আগে ২০০৭ সালের ২৫ অক্টোবর রাজধানীর গুলশান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা তৈরির উপাদানসহ গ্রেপ্তার হন অভিজাত ব্যবসায়ী আমিন হুদা। তখন আমিন হুদার কাছ থেকে যে পাউডারটি উদ্ধার করা হয়েছিল, সেটি ইফিড্রিন ছিল বলে কর্মকর্তারা জানান।