বিমানবন্দর থেকে চোর চক্রের নেতা জয়নাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরের সংঘবদ্ধ লাগেজ চোর চক্রের নেতা জয়নাল আবেদীনকে (৫৪) গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আর্মড সহকারী পুলিশ কমিশনার (এএসপি) আতিকুর রহমান জানান, সন্ধ্যায় বিমানবন্দরের পার্কিং এলাকায় তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করে আর্মড পুলিশ। এ সময় তাঁর কাছে একটি সনি ভেগা টিভি ছিল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানার কাউলা বাজার এলাকায় একটি বাড়িতে যৌথ অভিযান চালায় আর্মড পুলিশ ও দক্ষিণ খান থানা পুলিশ। বাড়ির এক একটি তালাবদ্ধ কক্ষ থেকে বিপুল পরিমাণ কসমেটিকস, কম্বল, জামাকাপড়সহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়।বিমানবন্দরে সিভিল এভিয়েশন ও বিমানের কয়েকজন অসাধু কর্মচারীর যোগসাজশে জয়নাল এ ধরনের চোরাই কারবার চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।এর আগেও জয়নালকে গত বছরের ৯ জানুয়ারি চোরাই লাগেজসহ বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে বের হয়ে আবারও একই ব্যবসায় লিপ্ত হন।চুরি করা মালামাল বিক্রি করে সেই অর্থ দিয়ে জয়নাল তাঁর সন্তানদের লন্ডনসহ দেশের বাইরে পড়াশোনা করান বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জয়নালের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।