বিমানবন্দর থেকে শহীদ মিনারে দুই এভারেস্টজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপাল থেকে ঢাকায় ফিরে এখন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হয়েছেন এভারেস্ট বিজয়ী দুই বাংলাদেশি এম এ মুহিত ও নিশাত মজুমদার। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মুহিত বলেন, ‘খুবই ভালো লাগছে। এখন শহীদ মিনারের দিকে যাচ্ছি আমি ও নিশাত। সেখানে আমরা শ্রদ্ধা নিবেদন করব।’ দেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কতটা ভালো লাগছে সেটি বোঝাতে পারব না। কত দিন পর সবাইকে দেখছি। এখন শহীদ মিনারে যাচ্ছি।’ কাঠমান্ডু থেকে আজ রোববার বিকেল পাঁচটা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নিশাত ও মুহিত। বিমানবন্দরে স্বাগত জানান তাঁদের মা-বাবা, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন সংগঠন। এর আগে বিমানবন্দরে দেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘যত রকম ভয়ংকর সমস্যা আছে, তার সবগুলোর সম্মুখীন হয়েছি। এটা আমার দ্বিতীয় জন্ম। কারণ যে সমস্যায় পড়েছিলাম, তাতে মনে হয়নি বেঁচে যাব। জীবন-মৃত্যুর মাঝখানে ছিলাম। পর্বত আরোহণের সময় সব শক্তি শেষ হয়ে গিয়েছিল। নামার সময় আমার শরীরে আর কোনো শক্তি ছিল না। দু-দুবার বরফ ধসের সম্মুখীন হয়েছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিশাত বলেন, ‘পর্বতারোহী হিসেবে আমার খেয়াল ছিল না যে আমি একজন নারী। আমি সব সময় নিজেকে একজন মানুষ হিসেবেই ভাবি।’ এ বিজয় দেশের তরুণ-তরুণীদের উদ্দেশে উৎসর্গ করে নিশাত বলেন, এ দেশের তরুণেরা মাদক, ধূমপান, নেশা ত্যাগ করে দেশের কথা ভাববে, দেশের উন্নয়নের কথা ভাববে সেটাই আমি চাই। দ্বিতীয়বারের মতো এভারেস্টজয়ী মুহিত বলেন, ‘গতবার তিব্বত দিয়ে উঠেছিলাম, এবার নেপাল দিয়ে উঠি। কুম্ভু আইসফলের কারণে আমাদের সঙ্গের ১২ থেকে ১৩ জন মারা যায়। আমরা অলৌকিকভাবে বেঁচে গেছি। নিশাত ঝড়ে ৩০ ফুট দূরে উড়ে যায়, তাঁকে তুষারের মাঝখানে পাওয়া যায়।’মুহিত জানান, তিব্বতের চেয়ে নেপাল দিয়ে এভারেস্টে ওঠা খুবই কঠিন। এভারেস্টে উঠেই আমি বলি, বেঁচে আছি।