বিমানবন্দরে অবৈধ মালামালসহ আটক ১
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার রাতে অবৈধভাবে আনা কোটি টাকা মূল্যের স্বর্ণ ও ইলেকট্রনিকস সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)।আটক হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান (৩০)। তাঁর কাছ থেকে ৪০০ গ্রাম স্বর্ণ, ৪৩টি মুঠোফোন, ৫২টি ক্যামেরা, আটটি ট্যাব ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। এপিবিএনের জ্যেষ্ঠ পুলিশ সুপার ইকবাল হোসেইন প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। এপিবিএন সূত্র জানায়, গতকাল রাত পৌনে ১২টার দিকে এফকিউ এয়ারলাইনসের একটি বিমানে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন মিজানুর। তিনি কাস্টমের তল্লাশি ছাড়াই বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিমানবন্দরের ক্যানোপি-২ থেকে তাঁর সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করেন এপিবিএন সদস্যরা। সেখান থেকে ৪০০ গ্রাম স্বর্ণ, স্যামসাং সনি ব্র্যান্ডের ৪৩টি মুঠোফোন, ৫২টি ক্যামেরা, আটটি ট্যাব ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।এপিবিএনের জ্যেষ্ঠ পুলিশ সুপার ইকবাল হোসেইন প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, আটক মিজানুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁর সঙ্গে থাকা পণ্যগুলো সুজন নামের এক ব্যক্তির। তিনি এগুলো সিঙ্গাপুর থেকে ঢাকায় বহন করে আনছিলেন। ইকবাল হোসেইন আরও জানান, আটক হওয়া মালামালের মূল্য প্রায় এক কোটি টাকা। মিজানুর রহমান বিমানবন্দরে এপিবিএনের হেফাজতে আছেন। অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।