বিমানবন্দরে আমদানিপণ্যের গুদামে আগুন, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার দুপুরে আমদানিপণ্যের গুদামে (কার্গো ভিলেজ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি কিংবা বৈদ্যুতিক সমস্যার কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।ঘটনার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিভিন্ন দিক খতিয়ে দেখতে বেসামরিক বিমান চলাচল ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান চলাচলে কোনো বিঘ্ন হয়নি বলে জানায় বিমানবন্দর সূত্র।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর ফটকসংলগ্ন গুদাম থেকে হঠাত্ ধোঁয়া উঠতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই আগুন গুদামের চারদিকে ছড়িয়ে পড়ে। গুদামের পাশে আনসার ক্যাম্পেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আনসার সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তাঁরা বিছানা, কাপড়-চোপড়সহ ব্যবহূত জিনিস বাইরে বের করে ফেলেন। এরপর আনসার সদস্য, বিমানবন্দরের বিভিন্ন কর্মচারীসহ স্থানীয় কয়েকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।আনসার সদস্য আজিজুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি গোসল করছিলাম। হঠাত্ আগুন, আগুন চিত্কার শুইনা বাইর হইয়া দেখি, আমাদের রুমে ধোঁয়া। পরে দেখি, গুদামে আগুন জ্বলতাছে। তাড়াতাড়ি কইরা সবাই জিনিসপত্র বাইর কইরা যে যেভাবে পারি আগুন নেভানোর চেষ্টা করছি।’ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর মুহম্মদ মাহবুব প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই গুদামে একটি প্রতিষ্ঠানের ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করছি, আগুনের ফুলকি কিংবা ওয়েল্ডিংয়ের সঙ্গে যুক্ত বৈদ্যুতিক তারে কোনো সমস্যা থেকে আগুনের সূত্রপাত। নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না।’ জানা গেছে, ওই গুদামে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস), টিএনটি এক্সপ্রেস, ফেডেক্সের মতো প্রায় ৪৫টি বিখ্যাত প্রতিষ্ঠানের আমদানি পণ্য ছিল। আমদানি পণ্যের মধ্যে পোশাক কারখানার কাপড়, সুতাসহ বিভিন্ন উপকরণ, ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য ছিল। ছুটিসহ হরতাল কর্মসূচির কারণে তুলনামূলকভাবে গুদামে আমদানি পণ্যের সংরক্ষণ ছিল বেশি।আগুনে কোন প্রতিষ্ঠানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের গুদামের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ইউপিএস ও টিএনটি এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের আমদানিপণ্য ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।ইউপিএস কর্মকর্তা তারেক ইকবাল বলেন, ‘আমি গুদামে ঢুকে দেখেছি, আমাদের প্রতিষ্ঠানসহ প্রায় সব প্রতিষ্ঠানের পণ্য ও ব্যবসায়িক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি প্রতিষ্ঠানের কিছু মালামাল অক্ষত আছে। কত বড় ক্ষতি, তা চিন্তাও করতে পারছি না। গ্রাহকদের এখন কী বলব, বুঝতে পারছি না।’ঘটনাস্থলে বিমানমন্ত্রী: দুপুরেই ঘটনাস্থলে যান বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে কমিটির সদস্যসংখ্যা ও প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় সম্পর্কে কিছুই বলেননি মন্ত্রী।ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি: এদিকে আগুনের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কমিটির সদস্যরা হলেন: ফায়ার সার্ভিসের বিভাগীয় পরিচালক ভরত চন্দ্র বিশ্বাস, উপসহকারী পরিচালক মামুন মাহমুদ ও কুর্মিটোলার স্টেশন কর্মকর্তা কমলেশ চন্দ্র মণ্ডল।