বিমানবন্দরে এক কোটি ২২ লাখ টাকার বিদেশি অর্থসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে এক কোটি ২২ লাখ টাকা মূল্যমানের আটটি দেশের অর্থসহ বাবু সরকার (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা তাঁকে আটক করেন।শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সুপারিনটেনডেন্ট শামসুল ইসলাম খান বলেন, আজ সকাল আটটার দিকে বাবু কাতার এয়ারওয়েজের একটি বিমানে দুবাই যাচ্ছিলেন। তিনি বিমানে ওঠার পর সন্দেহজনক মনে হওয়ায় কর্মকর্তারা তাঁকে চ্যালেঞ্জ করেন। পরে তাঁর কাছ থেকে সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান ও কুয়েতের বিপুল পরিমাণ মুদ্রা এবং মার্কিন ডলার ও ইউরো উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্যমান এক কোটি ২২ লাখ। তিনি আরও জানান, গত এক বছরে বাবু ছয়বার দুবাই যান।