বিমানবন্দরে গুদাম থেকে ছয় কেজি সোনা উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের মূল্যবান দ্রব্য রাখার গুদাম থেকে প্রায় সাড়ে ছয় কেজি সোনা আত্মসাতের ঘটনা ঘটেছে। শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ৪ মে সাবেক গুদাম কর্মকর্তা মজিবর রহমান সরকারের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছে শুল্ক কর্তৃপক্ষ।অবশ্য এর আগে ২৯ এপ্রিল মজিবর রহমান শুল্ক বিভাগের কমিশনারের কাছে লিখিত ব্যাখ্যায় সোনা পাচারের কথা স্বীকার করে বলেছেন, তিনি আদিষ্ট হয়ে শুল্ক বিভাগের সহকারী কমিশনার (এসি) সালাউদ্দীন রিপনের কাছে ওই সাড়ে ছয় কেজি সোনার চেইন ও সোনার বার দিয়েছেন।এই স্বীকারোক্তির পর সাবেক এ গুদাম কর্মকর্তা রাজধানী থেকে অপহূত হন। তাঁকে পরে রাজারবাগে একটি যাত্রীবাহী বাস থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করেন। তিনি এখন পুলিশি পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এসি সালাহউদ্দীনসহ পাঁচজনকে আসামি করে মজিবরের স্ত্রী তাহমিনা আক্তার ৪ মে অপহরণ মামলা করেন।এ ঘটনার পর এসি সালাউদ্দীনকে বিমানবন্দর শুল্ক বিভাগ থেকে তাৎক্ষণিক বদলি করা হয়।শুল্ক বিভাগের করা মামলায় অভিযোগ করা হয়, মজিবর রহমান গত বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত গুদামের দায়িত্বে ছিলেন। এরপর তিনি গুদামের দায়িত্ব বুঝিয়ে না দিয়েই নতুন কর্মস্থল রাজশাহী চলে যান। কিন্তু তার আগে এক যাত্রীর কাছ থেকে জব্দ করা ৩০৩ তোলা (সাড়ে তিন কেজি) সোনার বারের ওপর কর পরিশোধ করে সংশ্লিষ্ট যাত্রী সোনা ফেরত চান। কিন্তু মজিবর রহমান গুদামের চাবি বুঝিয়ে না দেওয়ায় ওই যাত্রীকে তাঁর মালামাল ফেরত দেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া মজিবরের লিখিত ব্যাখ্যা অনুযায়ী আরও তিন কেজি সোনার চেইন তিনি নিয়ে গেছেন। তবে এ তিন কেজির কথা মামলায় উল্লেখ নেই।শুল্ক কমিশনারের কাছে লিখিত ব্যাখ্যায় মজিবর রহমান অভিযোগ করেন, মূল মালিককে ফেরত দেওয়ার কথা বলে গুদামে রাখা ওই সব সোনার চেইন ও সোনার বার তাঁর কাছ থেকে বিভিন্ন সময় চেয়ে নিয়েছেন এসি সালাউদ্দীন। পরে তাঁকে উত্তরার এক বাসায় ডেকে নিয়ে সালাহউদ্দীন বলেছিলেন, ওই সোনা আগামী ২০ বছরেও কেউ খোঁজ করবে না। তাই এ নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই।গুদাম থেকে কী পরিমাণ সোনা আত্মসাৎ হয়েছে জানতে চাইলে সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন শুল্ক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মজিবর চাবি বুঝিয়ে না দিয়েই চলে গিয়েছিলেন। তাই এখনো তালা খুলে দেখা যায়নি কী পরিমাণ সোনা খোয়া গেছে। তবে মজিবর তাঁর লিখিত ব্যাখ্যায় এ ছাড়াও তিন কেজি সোনা সরানোর কথা বলেছেন। ঢাকা শুল্ক বিভাগের কমিশনার মাসুদ সাদেক প্রথম আলোকে বলেন, সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে থানায় মামলা করেছে কর্তৃপক্ষ। মামলাটি এখন পুলিশ তদন্ত করবে। এ ছাড়া গতকাল শুল্ক বিভাগের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়ে একটি বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে বলে তিনি জানান।