বিমানবন্দরে জনদুর্ভোগের জন্য খালেদার দুঃখপ্রকাশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শতভাগ সফল হয়েছে। এই সফরের মাধ্যমে তিনি নিজের, দলের ও দেশের জন্য এক বিরল মর্যাদা, সাফল্য ও সম্মান বয়ে এনেছেন।আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিমানবন্দরে জনজোয়ারের কারণে যাঁরা দুর্ভোগে পড়েছেন, তাঁদের জন্য সহানুভূতি ও দুঃখ প্রকাশ করেছেন খালেদা জিয়া।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মারুফ কামাল জানান, এই সফরের মূল সাফল্য হলো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে প্রবাসীদের সমস্যা তুলে ধরা ও সমাধানের আশ্বাস পাওয়া; শুল্কমুক্ত তৈরি পোশাক প্রবেশের পথ সুগম করার উদ্যোগ ও সরকারের কারণে বিদেশে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তা উদ্ধারের চেষ্টা।সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিএনপির চেয়ারপারসনের সফরকালে সরকারি দলের কোনো কোনো নেতা-নেত্রীর সমালোচনা আপত্তিকর, অশোভন ও অন্যায্য বলে মন্তব্য করা হয়েছে। যেসব নেতা-নেত্রী ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, তাতে তাঁদের নিচু সাংস্কৃতিক মান ও রুচির প্রতিফলন ঘটেছে।’বিএনপি দাবি করেছে, সফরকালে দুই দেশেই খালেদা জিয়া শীর্ষপর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে যুক্তরাজ্য সফরে তারেক রহমানকে দেখতে যাওয়াটাই ছিল অন্যতম উদ্দেশ্য।সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।