বিমানবন্দরে বানর ও পাখি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার রাতে ১০টি বিরল প্রজাতির বানর ও ১৬০টি বিদেশি পাখি উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। পুলিশের অভিযোগ, এসব বন্য প্রাণী দক্ষিণ আফ্রিকা থেকে অবৈধভাবে আনা হয়েছে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বন বিভাগের তথ্যমতে, উদ্ধার করা প্রাণীগুলোর দাম প্রায় ১৫ লাখ টাকা। ঘটনা সম্পর্কে এপিবিএনের সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাতে ইমপোর্ট কার্গো শেডের সামনে ঘোরাঘুরি করছিলেন মোস্তাফিজুর রহমান। এ সময় এপিবিএনের সহকারী পুলিশ সুপার মোতাজ্জের হোসেন এসব প্রাণী নিয়ে আসার ব্যাপারে বৈধ কাগজপত্র দেখতে চাইলে মোস্তাফিজুর রহমান তা দেখাতে পারেননি। মোস্তাফিজুর জানান, প্রাণীগুলো জনৈক নাজমুল হুদা মঞ্জুর নামে আমদানি করা হয়েছে। নাজমুল হুদা মঞ্জুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘এই প্রাণীগুলো আমি শখ করে নিয়ে এসেছি। আমি আগে থেকেই ঢাকার সাভারে পশু-পাখি পালন করি, তবে কোনো বন্য প্রাণী আমার কাছে নেই। দক্ষিণ আফ্রিকা থেকে আমার এক বন্ধু এই বানরগুলো আমাকে উপহার পাঠিয়েছে। এসব প্রাণী ফেরত পাওয়ার জন্য আমি আইনগত ব্যবস্থা নেব।’ তিনি দাবি করেন, ‘পুলিশ আমার কাছ থেকে টাকা খেতে চেয়েছিল। আমি তা দিইনি বলে তারা এখন পাচারের কথা বলছে।’সাভারের কোন এলাকায় এসব পশুপাখি পালন করেন—এ ব্যাপারে জানতে চাইলে নাজমুল হুদা তা জানাতে অপারগতা প্রকাশ করেন। উদ্ধার করা প্রাণীর মধ্যে রয়েছে কমন মারমোজেট মাংকি নামের ১০টি বানর; পাখির মধ্যে রয়েছে ৩০টি আফ্রিকান গ্রে প্যারট, ১০০টি ব্রুডগিগার, ১০টি রেইনবো লাকেট, ১০টি গোল্ডেন ম্যান্টেলড রোজেলা ও ১০টি গ্রিন সিকড প্যারাকিট। উদ্ধার করা বানর ও পাখিগুলো গাজীপুর জেলার ভুরুলিয়ার বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বন সংরক্ষক তপন কুমার দে। তিনি জানান, মোস্তাফিজুরের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করেছে বন বিভাগ। এপিবিএন জানায়, গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।