বিমানবন্দরে বিদেশি সিগারেটসহ দুই পাকিস্তানি আটক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ দুই পাকিস্তানিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)। তাঁরা হলেন—মো. মাহমুদ (৩৮) ও মো. সোহেল ইকবাল (৩০)। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের আটক করা হয়।এবিপিএন সূত্রে জানা যায়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি ফ্লাইটে করে ওই দুই পাকিস্তানি করাচি থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরে নামার পর গতিবিধি সন্দেহজনক হলে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়। এ সময় তাঁরা শুল্ক কর্তৃপক্ষের কোনো প্রকার ছাড়পত্র না নিয়ে বিমানবন্দর থেকে পালিয়ে যেতে চাইলে তাঁদের চ্যালেঞ্জ করে তিন হাজার ৮২০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।এবিপিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোতাজ্জের হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আটক দুই পাকিস্তানিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হবে। আটক করা সিগারেট দক্ষিণ কোরিয়ার তৈরি। এগুলোর আনুমানিক দাম প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বলেও তিনি জানান।