বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি, প্রতিশ্রুতি মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, বিমানবন্দরে বিদেশগামী ও প্রবাসীরা যেন কষ্ট না পান, প্রতারিত না হন, সেটি নিশ্চিত করা হবে।আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে ‘নিরাপদে বিদেশ গমন: অভিবাসী শ্রমিকদের অধিকার ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় ফারুক খান এ কথা বলেন। মিডিয়া ইনিশিয়েটিভ ফর পাবলিক পলিসি (এমআইপিপি) এবং বাংলাদেশ অভিবাসী ও মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা) যৌথভাবে এ সভার আয়োজন করে।সভায় ধারণাপত্র উপস্থাপন করে নিউ এজ পত্রিকার নগর সম্পাদক সাইফুল হুদা বলেন, ‘বিদেশগামী শ্রমিকেরা আসতে-যেতে দুইবার বিমানবন্দরে ভোগান্তির শিকার হচ্ছেন। এটি বন্ধ করা জরুরি।’ প্রবাসী কয়েকজন কর্মীও বিমানবন্দরে তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন। একজন জানান, দেশে ফেরার সময় বিমানবন্দরে পুলিশ তাঁর মূল্যবান জিনিসপত্র রেখে দিয়েছে। এ সময় ফারুক খান বলেন, ‘আমি আপনাদের কাছে লজ্জিত। কারা এসব ঘটনায় জড়িত আছে নাম বলুন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’মন্ত্রী বলেন, কোনো কর্মী যদি বিমানবন্দরে প্রতারণার শিকার হন, কারও যদি ব্যাগ হারিয়ে যায় কিংবা কারও কোনোকিছু চুরি যায়, তাহলে বিমানবন্দরের জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মন্ত্রী আরও বলেন, ‘বিমানবন্দরে একজন বাংলাদেশিও যদি দুর্ভোগের শিকার হন, সেই দায়িত্ব আমাদের নিতে হবে। কারণ প্রবাসীকর্মীরা বিদেশে থেকে টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল করে রেখেছেন। কাজেই আমরা তাঁদের সর্বোচ্চ মর্যাদা দিতে চাই।’ মন্ত্রী বলেন, প্রবাসীকর্মীদের জন্য এখন তিনটি ডেস্ক আছে। এই ডেস্ক আরও বাড়ানো হবে। বিদেশগামী কর্মীদের জন্য আলাদা কোনো টার্মিনাল করা যায় কি না, সেটিও আমরা ভাবছি।’অনুষ্ঠানের বিশেষ অতিথি বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, কারিগরি শিক্ষার ওপর আরও জোর দিতে হবে। এই শিক্ষা নিয়ে কর্মীরা বিদেশে গেলে ভালো আয় করতে পারবেন। তিনি বলেন, ন্যূনতম শিক্ষা ছাড়া নিরাপদ অভিবাসন সম্ভব নয়।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান বলেন, ‘প্রতি বছর পাঁচ থেকে ছয় লাখ লোক বিদেশে যাচ্ছে। আগামীতে স্বাবলম্বী বাংলাদেশ গড়তে হলে জনশক্তি রপ্তানি খাতই হবে মূল ভরসা।’ বিদেশগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোন দেশে যাচ্ছেন, কাকে টাকা দিচ্ছেন, এসব ব্যাপারে একটু সচেতন থাকবেন। দালালদের কাছে ছুটবেন না। আর আমরাও জনশক্তি রপ্তানি খাতের অনিয়মগুলো দূর করার চেষ্টা করছি।’সভা সঞ্চালন করেন এমআইপিপির সভাপতি ফরিদ হোসেন। সভায় আরও বক্তব্য দেন বেসরকারি সংস্থা ডান চার্চ এইড বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক হাসিনা ইনাম, বমসার পরিচালক সুমাইয়া ইসলাম, উন্নয়ন কর্মী শেখ রোমানা প্রমুখ।