বিমানবন্দরে ১৪৮ পিস ভারতীয় শাড়িসহ আটক ১
১৪৮ পিস ভারতীয় শাড়িসহ প্রদীপ কুমার (৪০) নামের এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। প্রতিটি শাড়ির দাম তিন হাজার টাকা। আজ মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়। প্রদীপ কুমারের বাড়ি নরসিংদী জেলায়। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইকবাল হোসাইনের নেতৃত্বে বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) একটি দল তাঁকে আটক করে। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইকবাল হোসাইন প্রথম আলো ডটকমকে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আসেন প্রদীপ কুমার। বহির্গমন টার্মিনাল-১ থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রদীপের সঙ্গে থাকা মালামালের কাগজ পরীক্ষা করে দেখা যায়, শাড়িগুলোর কোনো শুল্ক ও ভ্যাট পরিশোধ করা হয়নি। আটক প্রতিটি শাড়ির আনুমানিক দাম বাংলাদেশি মুদ্রায় তিন হাজার টাকা জানিয়ে ইকবাল হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রদীপ দাবি করেন শাড়িগুলো তাঁর নিজের নয়, অন্য এক ব্যক্তির জন্য এনেছিলেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হবে।