বিমানবন্দরে ৮৩ হাজার নকল হ্যান্ডসেট জব্দ
বিদেশ থেকে আমদানির সময় প্রায় ২০ কোটি টাকার ৮৩ হাজার নকল হ্যান্ডসেট জব্দ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে এ বিষয়ে কাস্টমসের পক্ষ থেকে কোনো মামলা বা আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।আজ রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের সহযোগিতায় বিটিআরসির তিন সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেয়। এ সময় নকিয়া, স্যামসাং ও এইচটিসি ব্র্যান্ডের মোট ৮৩ হাজার হ্যান্ডসেট আটক করা হয়। চীন থেকে আমদানি করা হয় সেটগুলো। আর নথিপত্র অনুযায়ী, আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স এম হোসাইন এন্টারপ্রাইজ, মেসার্স রাহা এন্টারপ্রাইজ ও টপ স্টার এন্টারপ্রাইজ।আইনগত পদক্ষেপ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিটিআরসির পক্ষ থেকে নকল সেট জব্দ করা হয়েছে। বাকি আইনি কার্যক্রম করা হবে কাস্টমসের নিয়মানুযায়ী। তবে পুরো প্রক্রিয়াটি বিটিআরসি মনিটর করবে।’