বিমানবন্দরের অবৈধ টোল আদায় ও পার্কিং উচ্ছেদ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে ঢোকার মুখে অবৈধ টোল আদায় ও গাড়ির পার্কিং উচ্ছেদ করা হয়েছে। আজ রোববার দুপুরে বিমানবন্দরের আর্মড পুলিশের সদস্যরা টোল আদায় ও অবৈধ পার্কিং উচ্ছেদ করেন।বিমানবন্দরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের সামনে একটি পার্কিং ছাড়াও পাশে বহুতল পার্কিং রয়েছে। ইজারাদাররা শুধু এই দুটি জায়গায় গাড়ি রাখার জন্য নির্দিষ্ট হারে রসিদ দিয়ে টাকা নেওয়ার কথা। কিন্তু পার্কিং লট ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠান সরকার এন্টারপ্রাইজের কর্মীরা ১ নম্বর টার্মিনালে ঢোকার মুখে দাঁড়িয়ে থাকেন। ১ নম্বর টার্মিনাল অথবা ক্যানপি এলাকায় গাড়ি ঢুকলেই তাঁরা টাকা আদায় করেন।অভিযোগ রয়েছে, ৩০ টাকার পার্কিং রসিদ ধরিয়ে দিয়ে তাঁরা ৫০ টাকা আদায় করেন। ১ নম্বর টার্মিনালের সামনের জায়গাটিতেও তাঁরা অবৈধভাবে গাড়ি পার্কিং করে টাকা নিতেন।আর্মড পুলিশের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার শরীফুল হক প্রথম আলোকে জানান, বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনের জায়গাটি শুধু সিভিল এভিয়েশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি রাখার জন্য নির্ধারিত।২ নম্বর টার্মিনালের সামনের বহুতল পার্কিংটি সর্বস্তরের মানুষের ব্যবহারের জন্য। কিন্তু এই দুটি পার্কিংলট ইজারা গ্রহণকারী প্রতিষ্ঠান সরকার এন্টারপ্রাইজের কর্মীরা ১ নম্বর টার্মিনালের সামনে গাড়ি রাখার ব্যবস্থা করে দেন এবং এখান থেকে টোল আদায় করে বলে অভিযোগ আসে। এ ছাড়া বিমানবন্দরে ভাড়ায় চালিত গাড়িগুলো অবৈধভাবে ১ নম্বর টার্মিনালের সামনে রাখা হতো। ওই সব গাড়ির চালক ও দালালেরা যাত্রী নিয়ে টানাটানি করেন বলে অভিযোগ রয়েছে।এত সব অভিযোগের পর আজ দুপুরে ১ নম্বর টার্মিনালের সামনের অবৈধ পার্কিংয়ের জায়গাটি উচ্ছেদ করা হয়।শরীফুল হক বলেন, এখন থেকে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল অথবা ক্যানপি এলাকায় ঢুকতে-বেরোতে কাউকে কোনো টাকা দিতে হবে না। যদি কেউ টাকা চায়, তবে তিনি কাছের কোনো এপিবিএন সদস্যকে জানানোর পরামর্শ দেন।