ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি পণ্যের গুদামে (কার্গো ভিলেজ) গতকাল শুক্রবার আগুন লাগে। আগুনে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, গুদামে আমদানি করা বিপুল মালামাল ছিল। তবে এতে বিমান চলাচল বিঘ্নিত হয়নি বলে বিমানবন্দর সূত্র জানায়।ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, ঝালাইয়ের (ওয়েল্ডিং) সময় ফুলকি থেকে বা বৈদ্যুতিক কোনো সমস্যার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিভিন্ন দিক খতিয়ে দেখতে বেসামরিক বিমান চলাচল ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বিমানবন্দরের টার্মিনাল ভবনের প্রায় আধা কিলোমিটার দূরে ৮ নম্বর ফটকসংলগ্ন গুদাম থেকে দুপুর ১২টার দিকে হঠাৎ ধোঁয়া উঠতে থাকে। কয়েক মিনিটের মধ্যে সেখানে দাউ দাউ করে আগুন দেখা যায় এবং তা গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের আঁচে গুদামের পাশে অবস্থিত আনসার ক্যাম্প থেকে ভীতসন্ত্রস্ত আনসার সদস্যরা বিছানা, কাপড়চোপড়সহ ব্যবহূত জিনিস বাইরে বের করে আনেন। আনসার সদস্য, বিমানবন্দরের কর্মচারীসহ স্থানীয় কিছু লোক আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নেভাতে সক্ষম হয়।আনসার সদস্য আজিজুল হক প্রথম আলোকে বলেন, তিনি গোসল করার সময় হঠাৎ ‘আগুন’ ‘আগুন’ চিৎকার শুনে বেরিয়ে দেখেন, তাঁদের ঘরে ধোঁয়া। ঘর থেকে বেরিয়ে দেখেন, গুদামে আগুন জ্বলছে। দ্রুত তাঁরা সবাই ঘরের জিনিসপত্র বের করে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর মুহম্মদ মাহবুব বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, ওই গুদামে একটি প্রতিষ্ঠানের ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করছি, ফুলকি কিংবা ওয়েল্ডিংয়ের সঙ্গে যুক্ত বৈদ্যুতিক তারে কোনো সমস্যা থেকে আগুনের সূত্রপাত। নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারছি না।’জানা গেছে, ওই গুদামে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউপিএস (ইউনাইটেড পার্সেল সার্ভিস), টিএনটি এক্সপ্রেস, ফেডেক্সসহ প্রায় ৪৫টি প্রতিষ্ঠানের আমদানি পণ্য ছিল। এসব পণ্যের মধ্যে পোশাক কারখানার কাপড়, সুতাসহ বিভিন্ন উপকরণ, ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ ক্ষয়ক্ষতি সম্পর্কে নির্দিষ্ট কোনো ধারণা দিতে পারেননি। গণমাধ্যমকর্মীদের গুদামের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।ইউপিএসের কর্মকর্তা তারেক ইকবাল প্রথম আলোকে বলেন, ‘গুদামে ঢুকে দেখেছি, আমাদের প্রতিষ্ঠানসহ প্রায় সব প্রতিষ্ঠানের পণ্য ও ব্যবসায়িক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি প্রতিষ্ঠানের কিছু মালামাল অক্ষত আছে। কত বড় ক্ষতি, তা চিন্তাও করতে পারছি না। গ্রাহকদের এখন কী বলব বুঝতে পারছি না।’ টিএনটি এক্সপ্রেসের এক কর্মকর্তাও তাঁদেরসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের আমদানি পণ্য ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে জানান।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ৮ নম্বর ফটকের সামনে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও আছে উৎসুক জনতা। আছেন গুদামে মালামাল থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের মুখে হতাশা। ছড়িয়ে ছিটিয়ে আছে আনসার সদস্যদের মালপত্র। আনসার ক্যাম্পের আঙিনা পানিতে সয়লাব।ঘটনাস্থলে বিমানমন্ত্রী: দুপুরেই ঘটনাস্থলে যান বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি: এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটির সদস্যরা হলেন ফায়ার সার্ভিসের বিভাগীয় পরিচালক ভরত চন্দ্র বিশ্বাস, উপসহকারী পরিচালক মামুন মাহমুদ ও কুর্মিটোলার স্টেশন কর্মকর্তা কমলেশ চন্দ্র মণ্ডল।