বিমানবালা কামরুন নাহারের জামিন শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক হওয়া বিমানবালা (কেবিন ক্রু) কামরুন নাহারের জামিন আবেদনের শুনানি আগামীকাল সোমবার ধার্য করা হয়েছে।গত ৫ অক্টোবর বিমানবালা কামরুন নাহারের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত কাল শুনানির জন্য দিন ধার্য করেন। আজ রোববার আসামি কামরুন নাহার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মহানগর হাকিম তানিয়া কামাল তাঁর খাসকামরায় কামরুন নাহারের জবানবন্দি লিপিবদ্ধ করে করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।আদালত সূত্রে জানা গেছে, কামরুন নাহার আদালতে দেওয়া জবানবন্দিতে বিদেশি মুদ্রা পাচারের কথা স্বীকার করেছেন, তবে নেপথ্যে যাঁরা আছেন, তাঁদের নাম বলেননি। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বান্ধবী সালমা রহমান ওরফে জুয়েল তাঁকে মুদ্রা পাচারের কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। বান্ধবী সালমার মাধ্যমে জনৈক ব্যবসায়ী মামুনের সঙ্গে তাঁর পরিচয় হয়। উদ্ধার হওয়া মুদ্রার চালান তিনি দুবাইয়ের আনিছ রহমান নামের এক ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন। আদালত সূত্রে আরও জানা গেছে, বিমানবালা জবানবন্দিতে তাঁর বান্ধবী সালমা ও সালমার স্বামীর নাম প্রকাশ করলেও চোরাচালানকারী চক্রের বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন। আসামি শফিকুর রহমান কারাগারে আটক আছেন। এখন পর্যন্ত অন্য কোনো আসামি ধরা পড়েনি। প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ভোরে বিমানবালা কামরুন্নাহার বিমানবন্দরের বহিঃগমন টার্মিনাল ভবনের ৬ নম্বর গেটে সিভিল এভিয়েশনের স্ক্যানিং মেশিনে তাঁর লাগেজ স্ক্যান করলে ৫০ হাজার বিদেশি মুদ্রার অস্তিত্ব পাওয়া যায়। পরে তাঁর দেহে তল্লাশি করে দুই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা পাওয়া যায়।মামলায় আরও অভিযোগ করা হয়, আসামি কামরুন্নাহার মুদ্রা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে মুদ্রা পাচার করে আসছেন। ওই দিন শুল্ক কর্মকর্তা সুবাস চন্দ্র কুণ্ড কামরুন নাহারকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/১(এ) ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত করছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।