বিমানবালাকে উত্ত্যক্ত করার অভিযোগে ভারতে তিন ফুটবলার আটক
ভারতের ফুটবল লিগ চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স ক্লাবের তিন ফুটবলারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মুম্বাই বিমানবন্দর পুলিশ। এই তিন ফুটবলার বিমানে গোয়া থেকে কলকাতায় যাওয়ার সময় এক বিমানবালাকে উত্ত্যক্ত করে বলে জানা যায়।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নাইজেরিয়ান ফুটবলার ওদাফে ওকোলি ও ফেলিক্স চিমাওকো এবং গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে আগামী শুক্রবারে অনুষ্ঠেয় একটি ম্যাচে অংশ নিতে মঙ্গলবার গোয়া থেকে মুম্বাই হয়ে কলকাতার উদ্দেশে যাত্রা করেন। পথে তাঁরা এক বিমানবালার সঙ্গে অশালীন আচরণ করলে অন্য বিমানবালা, কেবিন ক্রুসহ বিমানের যাত্রীদের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। এরপর মঙ্গলবার রাতে তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়।ভারতীয় দণ্ডবিধির ৩৪, ৩৫৪ ও ৫০৯ অনুযায়ী নারীকে অবমাননা ও শারীরিকভাবে নিগ্রহের অভিযোগে মুম্বাই পুলিশ পরে ওই ফুটবলারদের আটক করে।এদিকে ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এই তিন ফুটবলারের বিরুদ্ধে আনীত অভিযোগকে ভিত্তিহীন ও হাস্যকর হিসেবে অভিহিত করেছে তাঁদের ক্লাব চার্চিল ব্রাদার্স। তারা বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের বিরুদ্ধে মানহানির মামলা করবে বলে জানিয়েছেন চার্চিল ব্রাদার্সের সভাপতি জোয়াকিম অ্যালেমাও। এই তিন ফুটবলারের অন্যতম গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য ডিসেম্বরে বাংলাদেশে সাফ ফুটবল বিজয়ী ভারতীয় দলের গোলরক্ষক ছিলেন।