বিমানবাহিনীতে বিদ্রোহের ঘটনার পুনঃতদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৭ সালের ২ অক্টোবর ভোররাতে বিমানবাহিনীতে সংঘটিত হয় ভয়াবহ এক বিদ্রোহ। কঠোরভাবে দমন করা হয় ভয়াবহ সেই বিদ্রোহ। সামরিক আদালতে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া হয় ১১ জন অফিসারসহ এক হাজার ৪৫০ জন বিমানসেনাকে। বরখাস্ত ও চাকরিচ্যুত হন আরও চার হাজার মানুষ। নিখোঁজ হন আরও অসংখ্য। আজ রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ওই ঘটনার পুনঃতদন্ত দাবি করেছেন বিমানবাহিনী বিদ্রোহের ঘটনার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা। একই সঙ্গে সামরিক আদালতে বিচার হওয়া প্রতিটি ঘটনা দেশের সংবিধান অনুযায়ী পুনর্বিবেচনারও দাবি জানিয়েছেন তাঁরা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিমানবাহিনী বিদ্রোহের পর সামরিক ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে শাস্তি ও নির্যাতনের শিকার করপোরাল খায়রুল আনোয়ার, নূরুল ইসলাম, আমজাদ হোসেন, মনির শরীফ, সার্জেন্ট মামুনসহ ফাঁসি হওয়া ও নিখোঁজ বিমানসেনাদের পরিবারের সদস্যরা।তাঁরা বলেন, সাতাত্তরে বিমানবাহিনী বিদ্রোহের পর অন্যায়ভাবে অনেক বিমানসেনাকে ফাঁসি দেওয়া হয়েছে। অনেকে নিখোঁজ হয়েছেন। ফাঁসি হওয়া অনেকের লাশ পর্যন্ত পাননি তাঁদের পরিবারের সদস্যরা। সেই ভয়াবহ ঘটনার বিচার আজ পর্যন্ত হয়নি। পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। তাঁরা সেই ঘটনা পুনর্তদন্ত করে দেখার জন্য সরকারের কাছে আবেদন জানান।সংবাদ সম্মেলনে বিমানবাহিনী বিদ্রোহের পর সামরিক ট্রাইব্যুনালে বিচার হওয়া প্রত্যেক ব্যক্তির ছবিসহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশেরও দাবি জানান।