বিমানবাহিনীতে যোগ হলো আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
বাংলাদেশ বিমানবাহিনীতে প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী আধুনিকায়নে তাঁর সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সূত্র: বাসস।আজ রোববার বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাঁটিতে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ এক ঐতিহাসিক দিন। স্বল্প পাল্লার এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে বড় ধরনের অগ্রগতি।’অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ এম জিয়াউর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দক্ষ বৈমানিক, প্রকৌশলী ও বিমান সেনা হিসেবে নিজেদের গড়ে তুলতে বিমানবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আধুনিক বিমানবাহিনীর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, নতুন প্রযুক্তি অন্তর্ভুক্তি এবং অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার সঠিক প্রয়োগ। চীনের সহায়তায় সব ধরনের আবহাওয়ায় কার্যকর এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করা হয়।