বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীতে বিধ্বস্ত, পাইলট অক্ষত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ সানজিদ (২৬) প্যারাসুটের সাহায্যে লাফ দেন। তিনি পায়ে সামান্য আঘাত পেয়েছেন। তাঁকে প্রথমে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং পরে সেখান থেকে হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।বিমানবাহিনী সূত্র জানায়, আহমেদ সানজিদ পায়ে সামান্য আঘাত পাওয়া ছাড়া পুরোপুরি সুস্থ আছেন। পরিবারের সদস্যরা ঢাকায় সিএমএইচে তাঁর সঙ্গে কথা বলেছেন।বিমানবাহিনীর একজন কর্মকর্তা জানান, কর্ণফুলী নদীর ১১ নম্বর ও মাতুব্বরঘাটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। চীনে তৈরি এফ-৭ প্রশিক্ষণ বিমানটি জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ে। অবতরণের মাত্র ২০ সেকেন্ড আগে এতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট দ্রুত প্যারাসুট নিয়ে নদীতে লাফ দেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, যান্ত্রিকত্রুটির কারণে জরুরি অবতরণের সময় বিমানটি দুপুর দুইটা ১০ মিনিটের দিকে শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন কর্ণফুলী নদীতে পড়ে যায়। পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করেন এবং তিনি সুস্থ আছেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়াধীন।জানা যায়, দুর্ঘটনার পরপরই নৌ ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল এবং কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তত্পরতা শুরু করেন। এর আগেই স্থানীয় মাঝিরা সানজিদকে উদ্ধার করেন।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘দুপুর দুইটার দিকে বিমানটি ১১ নম্বর ঘাটের কাছে বিধ্বস্ত হয়। মাতুব্বরঘাটের কাছ থেকে পাইলটকে উদ্ধার করেন স্থানীয় মাঝিরা। পরে তাঁকে হেলিকপ্টারযোগে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।’প্রত্যক্ষদর্শী মাঝিরা জানান, নদীর ওপর দুবার চক্কর দেওয়ার পর বিমানটি নিচে নেমে আসতে থাকে। পরে বিকট শব্দে এটি নদীর মাঝখানে পড়ে পানিতে ডুবে যায়।পাইলটকে উদ্ধার করা স্পিডবোটের চালক আইয়ুব আলী জানান, তিনি, মহিউদ্দিন ও ইউসুফ পাইলটকে প্যারাসুটযোগে মাতুব্বরঘাটের ২০-৩০ গজ দূরে পানিতে পড়তে দেখেন। তাঁরা সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করেন।বিমানটিতে যান্ত্রিকত্রুটির খবর পেয়ে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার পাইলটকে উদ্ধারের জন্য কর্ণফুলী নদী এলাকায় যায়। ওই হেলিকপ্টারে করেই তাঁকে সিএমএইচে নেওয়া হয়।এর আগে গত বছরের ১৬ জুন বিমানবাহিনীর এফটি-৬ নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল কর্ণফুলী নদীতে। ওই বিমানের পাইলট আবদুল্লাহ আল মামুন প্যারাসুটের সাহায্যে নদীতে অবতরণ করেছিলেন।