বিমানমন্ত্রীকে ফোনে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে গতকাল বুধবার ফোন করে ও মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় তাঁকে এ হুমকি দেওয়া হলো। এর আগে গত আগস্ট মাসে তাঁকে একবার মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছিল।বিমানমন্ত্রী প্রথম আলোকে বলেন, গতকাল সকাল নয়টা ৪১ মিনিটে ০১৭৪৪৯২১১১৭ নম্বর থেকে মন্ত্রীর ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে মন্ত্রীকে বলা হয়, ‘তুমি বড় বাড়াবাড়ি করছো। পরিণাম ভালো হবে না।’ এরপর পৌনে ১০টার দিকে একই নম্বর থেকে মন্ত্রীর মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠানো হয়। তাতে বলা হয়, ‘তোমার অনেক বড় ক্ষতি হবে।’মন্ত্রী জানান, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং এ ব্যাপারে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু তৈয়ব জানান, খুদে বার্তাটি পাওয়ার পর তিনি ওই নম্বরে ফোন করে পরিচয় জানতে চান। তবে ওই ব্যক্তি তাঁর পরিচয় না দিয়ে বলেন, ফোন নম্বর দিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে খুঁজে পাওয়া যাবে না। কারণ ফোনের সিম কার্ডটি তাঁর নামে রেজিস্ট্রেশন করা নয়। এ ব্যাপারে জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘একই নম্বর থেকে দুই দফা হুমকি দিয়ে ফোন ও এসএমএস করা হয়েছে।’আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, এ ব্যাপারে গতকালই একটি গোয়েন্দা সংস্থা অনুসন্ধান শুরু করে। তাঁরা তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, লালমনিরহাট সদর থানার হাড়াটি এলাকা থেকে ওই ব্যক্তি ফোনটি করেছে। প্রসঙ্গত, হজযাত্রী পরিবহনে নাইজেরিয়ান কাবো এয়ারলাইনসের ২৬ বছরের পুরোনো একটি উড়োজাহাজ ভাড়া করা এবং বিশেষ বিবেচনায় নিবন্ধন ছাড়া উড্ডয়নের অনুমতি না দেওয়ায় বিমানমন্ত্রীর সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটি ও বিমানের চেয়ারম্যানের মতবিরোধ দেখা দেয়। মন্ত্রী এই উড়োজাহাজকে ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করে তা হজ পরিবহনে যুক্ত করতে আপত্তি জানান। গত প্রায় দুই মাসে কয়েক দফায় মন্ত্রী, সংসদীয় কমিটি ও বিমানের চেয়ারম্যান গণমাধ্যমে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছে বলে জানা গেছে। এ হুমকির ঘটনা বিমান মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে দেখছে।