বিমানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংসদীয় কমিটির
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। বিমানবন্দরসংলগ্ন ১৩০ একর জমি ইজারা এবং ক্যাবো এয়ারের উড়োজাহাজ উড়তে না দেওয়া নিয়ে সংসদীয় কমিটির সঙ্গে মন্ত্রণালয়ের মতবিরোধ চলছে। এ অবস্থায় কমিটি আজ বৃহস্পতিবার এমন অভিযোগ তোলে।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিমানমন্ত্রী প্রথম আলোকে বলেছেন, ‘দুর্নাম ছড়ানোর উদ্দেশ্যে কমিটি এসব কথা বলছে। তাদের চাওয়া অনুযায়ী কিছু কাজ করিনি বলেই হয়তো বা তারা আমার ব্যাপারে অসন্তুষ্ট।’ আজ সংসদ ভবনে সংসদীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোশাররফ হোসেন। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এই সভার জন্য আমরা ১৫-২০ দিন আগে নোটিশ দিয়েছিলাম। কিন্তু মন্ত্রী জি এম কাদের, মন্ত্রণালয়ের সচিব, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেউই সভায় যোগ দেননি। মন্ত্রণালয় থেকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, তাঁরা আসতে পারবেন না। বিষয়টি সংসদীয় রীতির পরিপন্থী। এর মাধ্যমে মন্ত্রী সংদীয় কমিটিকে হেয় করেছেন। কাজটি যে ঠিক হয়নি, কমিটি তা মন্ত্রণালয়কে জানানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকেও জানানো হবে।’জানতে চাইলে মন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘কমিটির আজকের সভাটি পিছিয়ে দেওয়ার জন্য সভাপতির কাছে ১০-১২ বার ফোন করেছি। তিনি ফোন ধরেননি। শেষে তাঁর দপ্তরে যোগাযোগ করে জানিয়েছি, হজসংক্রান্ত একটি জরুরি বৈঠকের কারণে সংসদীয় কমিটির সভায় আমার পক্ষে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। একই সঙ্গে চিঠি দিয়ে সভাটি দু-এক দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি। কিন্তু তাঁরা শোনেননি।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রী হওয়ার আগে আমিও সংসদীয় কমিটির সদস্য ছিলাম। রেওয়াজ অনুযায়ী মন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই সংসদীয় কমিটির সভা হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, এই কমিটি আমার অনুরোধ রাখেনি।’সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য মইন উদ্দীন খান বলেন, ‘মন্ত্রী আমাদের কমিটির ব্যাপারে একতরফা কিছু অভিযোগ করেছেন। তাঁর অবস্থানে কিছুটা মিথ্যাচার আছে। তিনি ক্যাবো এয়ারের কাছ থেকে ভাড়া করা উড়োজাহাজ উড়তে দেননি। এ জন্য জেদ্দা ও রিয়াদে মারামারি হয়েছে। ওই উড়োজাহাজের ৫৪৫ জন যাত্রীকে হোটেলে রাখতে গিয়ে ২২ লাখ টাকা খরচ হয়েছে। এর দায় কে বহন করবে?’মইন উদ্দীন খান দাবি করেন, হজযাত্রী আনা-নেওয়ার জন্য পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছিল। থাইল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠান প্রতি উড্ডয়ন ঘণ্টার জন্য নয় হাজার ৮০০ ডলার দর দিয়েছিল। অস্ট্রেলিয়াভিত্তিক অসবেন (অসবেন অ্যারোনটিক্যাল সার্ভিসেস) দর দিয়েছিল ১০ হাজার ৬০০ ডলার করে। মন্ত্রণালয় অসবেনকে কাজ দেওয়ার জন্য দরপত্রে কাটাকাটি করে দর নয় হাজার ৬০০ ডলার বসিয়েছে। এ ধরনের দুর্নীতির পেছনে মন্ত্রী, তাঁর আত্মীয়স্বজন, তাঁর মেয়ে বা মেয়ের জামাইয়ের ব্যবসায়িক সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।বিমানবন্দরে জমি ইজারা দেওয়ার কথা উল্লেখ করে মইন উদ্দীন খান বলেন, ‘বিমানবন্দর এলাকার বিমানের জমি নিয়ে আমরা যে সুপারিশ করেছি, তা নিয়েও মন্ত্রী প্রশ্ন তুলেছেন। চুক্তি অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক আইপিসিও ইন্টারন্যাশনালকে ১৩০ একর জায়গা দিতে হবে। কিন্তু মন্ত্রী তাদের এ ইজারা বাতিল করতে চান। কমিটির মধ্যস্থতা অনুযায়ী, ওই প্রতিষ্ঠানকে ২৫ একর জায়গা দিয়ে বাকি জায়গা সরকারকে ফেরত নিতে বলেছিলাম। কিন্তু মন্ত্রী তা আমলে নিচ্ছেন না।’সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরসংলগ্ন ১৩০ একর জমিতে একটি হোটেল ও গলফ মাঠ নির্মাণে আইপিসিও ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে ১৯৯৯ সালে চুক্তি করে তত্কালীন সরকার। সরকারি হিসাবে, ওই জমির বর্তমান মূল্য চার হাজার কোটি টাকার বেশি। সংসদীয় কমিটির গত বছরের ১২ এপ্রিলের পরামর্শ অনুযায়ী, ওই মাসের শেষ দিকে চুক্তিটি বাতিলের ঘোষণা দেয় সরকার। তবে এ উদ্যোগের বিরুদ্ধে গত মে মাসে হাইকোর্টে রিট করা হয়।