বিমানে অচলাবস্থা, বিপর্যস্ত ফ্লাইটসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈমানিকদের কর্মবিরতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অচলাবস্থার মুখে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিমানের ফ্লাইটসূচি।উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যায় বিমান পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক হয়। বৈঠক শেষে পর্ষদের সদস্য ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী প্রথম আলোকে বলেন, ‘যেসব পাইলট কর্মসূচি পালন করছেন, তাঁদের স্বাভাবিক কর্মস্থলে যোগ দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যোগ না দিলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট পরিচালনায় কিছু সমস্যা হলেও হজ ফ্লাইট স্বাভাবিক আছে।গত মঙ্গলবার রাতে বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ বৈমানিককে সাময়িক বরখাস্ত করায় ওই রাত থেকে বেশির ভাগ বৈমানিক কর্মবিরতি শুরু করেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ৫১ জন বৈমানিক নিজেদের অসুস্থ ঘোষণা (সিক রিপোর্ট) করে বিমান চালনা থেকে বিরত থাকায় সংকট চরম আকার ধারণ করে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, ফ্লাইট পরিচালনায় বিদেশে অবস্থানকারী আরও ৩০ জন বৈমানিকও দেশে ফিরে বাপার কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করবেন।বাপার সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব জানান, বিমান কর্তৃপক্ষের একগুঁয়েমি অবস্থানের কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। কর্তৃপক্ষই বৈমানিকদের কঠোর কর্মসূচির দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, জাতীয় স্বার্থে হজ ফ্লাইট তাঁদের কর্মসূচির বাইরে রাখা হয়েছে।বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলাম বৈমানিকদের সঙ্গে আলোচনার বিষয়ে গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘যেহেতু বিষয়টি আদালতের হাতে, তাই আলোচনার সুযোগ নেই। আদালতই এর মীমাংসা করবেন।’ তিনি বৈমানিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।বিমানের এমডি বলেন, ‘এতজন কেন একসঙ্গে অসুস্থতা দেখালেন, তার বিচার জনগণ করবে।’ তিনি বলেন, ৪৮ ঘণ্টা পর্যন্ত কেউ বিমান চালাতে না এলে তাঁকে চিকিৎসা সনদ দেখাতে হবে। তবে ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। কেউ চিকিৎসা সনদ দেখাতে না পারলে ৪৮ ঘণ্টা পর তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।এদিকে বৈমানিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইটসূচি বিপর্যস্ত হয়ে পড়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের বেশির ভাগ ফ্লাইট আটকা পড়েছে। তবে কর্তৃপক্ষ কোনো ফ্লাইট বাতিল দেখাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ফ্লাইটসূচি পুনর্নির্ধারণ করার নামে সব ফ্লাইটের যাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।বিমানবন্দর সূত্র জানায়, গতকাল রাত আটটার ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট যেতে পারেনি। সেটির সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে আজ বৃহস্পতিবার রাত ১০টায়। গতকাল রাত পৌনে নয়টার ঢাকা-মাস্কাট ফ্লাইটও যায়নি। সেটি আজ বেলা একটায় যাবে বলে নতুন সময় নির্ধারণ করা হয়। বুধবার রাত নয়টার দুবাই ফ্লাইট ও রাত সোয়া একটার রিয়াদ ফ্লাইট বাতিল করা হয়।গতকাল ভোর ছয়টার ঢাকা-দুবাই-লন্ডন ফ্লাইট সাত ঘণ্টা পিছিয়ে বেলা একটায় ঢাকা ছাড়ে। জানা গেছে, ভাড়া করা বোয়িং-৭৭৭ উড়োজাহাজে বিদেশি বৈমানিক দিয়ে ফ্লাইটটি পাঠানো হয়েছে। দুপুর সাড়ে ১২টার সিলেট-ঢাকা-লন্ডন ফ্লাইট বিকেল পাঁচটায় গেছে। বেলা সাড়ে ১১টার ঢাকা-সিলেট ফ্লাইটটি গেছে বিকেল চারটায়। পৌনে চারটার ঢাকা-কলকাতার ফ্লাইটটির সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায়। কাঠমান্ডু ফ্লাইটও নির্দিষ্ট সময় যেতে পারেনি।বিমান সূত্র জানায়, একের পর এক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার কারণে শুধু ঢাকায়ই নয়, বিদেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকামুখী বিমানের যাত্রীরাও আটকা পড়েছেন।বিমানের একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ বিমানের ব্যবস্থাপনা পর্যায়ে কর্মরত বৈমানিক ও বিদেশি বৈমানিক দিয়ে ভাড়া করা উড়োজাহাজ দিয়ে কিছু ফ্লাইট পরিচালনা করেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ১৬২ আসনের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের জন্য আনা একেকজন বিদেশি বৈমানিককে বিমান কর্তৃপক্ষ মাসে বেতন দিচ্ছে ১০ হাজার ৪০০ মার্কিন ডলার। তার ওপর তাঁদের পাঁচতারকা হোটেলে রাখতে হয় এবং ১৫ দিন পরপর ঢাকা-লন্ডন টিকিট ফ্রি দিতে হয়। এর বিপরীতে বাংলাদেশি বৈমানিকদের গড় বেতন হচ্ছে পাঁচ হাজার ৬০০ ডলার। এই বিপুল ব্যয়ে বিদেশি বৈমানিকসহ উড়োজাহাজ ভাড়া (ওয়েট লিজ) বাতিল করে বৈমানিক ছাড়া উড়োজাহাজ ভাড়া (ড্রাই লিজ) করার দাবি জানাচ্ছে বাপা।বিমানের একাধিক কর্মকর্তা বলেন, বিমানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সবাই বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাঁরা সামরিক কায়দায় বিমানকে পরিচালনা করতে গিয়ে সংকট বাড়াচ্ছেন।প্রসঙ্গত, বিমানের বৈমানিকদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৬২ বছর করাকে কেন্দ্র করে সংকটের শুরু। বয়স বৃদ্ধি বাতিলসহ পাঁচ দফা দাবিতে ২০ অক্টোবর সংবাদ সম্মেলন করে বাপা ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বিমান কর্তৃপক্ষকে। পরদিন বিকেল পাঁচটা থেকে বৈমানিকদের পূর্বঘোষিত কর্মসূচি শুরু হয়।চুক্তি অনুযায়ী বিমানের প্রত্যেক বৈমানিককে মাসে ৭০ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করতে হয়। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তাঁরা চুক্তির বাইরে বাড়তি দায়িত্ব পালন না করার ঘোষণা দেন। ২২ অক্টোবর থেকে এই কর্মসূচি শুরুর পরপরই বিমানের ফ্লাইটসূচিতে বিপর্যয় শুরু হয়।বিমানের ১৬৬ বৈমানিকের চাহিদার স্থলে এখন আছে ১১৭ জন। এ কারণে অনেক বৈমানিককে অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হয়।