বিমানে যাত্রী তোলার পদ্ধতি বদলের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানে আরোহণ দ্রুত ও নির্বিঘ্ন করতে কত চেষ্টাই না করছে বাণিজ্যিক বিমান সংস্থাগুলো। এ জন্য চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা। তবে সম্প্রতি এক পরীক্ষায় দেখা গেছে, বিমান আরোহণের বর্তমান পদ্ধতিই সবচেয়ে অকার্যকর। বিমানের পেছন থেকে সামনের আসনে পর্যায়ক্রমে যাত্রী বসাতে সময়ও লাগছে দ্বিগুণ।অন্যদিকে নতুন পরীক্ষায় দেখা গেছে, প্রথমে জানালার পাশের আসন (উইন্ডো সিট), তারপর মাঝের আসন (মিডল সিট) এবং সবশেষে আইল আসনগুলোতে যাত্রীদের বসা নিশ্চিত করা হলে প্রচলিত পদ্ধতির চেয়ে ৪০ ভাগ বেশি কার্যকরভাবে আরোহণ সম্ভব হয়। স্টিফেন মেথড নামে পরিচিতি এই পদ্ধতি প্রচলিত পদ্ধতির চেয়ে দ্বিগুণ কার্যকরভাবে আরোহণ নিশ্চিত করতে পারে।এই পদ্ধতির প্রবক্তা জ্যাসন স্টিফেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ফারমি ন্যাশনাল ল্যাবরেটরিতে জ্যোর্তিপদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করছেন। ২০০৮ সালে বিমানে আরোহণকালে দীর্ঘক্ষণ অপেক্ষার তিক্ত অভিজ্ঞতা হয় তাঁর। এরপর বিমানের পেছন থেকে সামনের আসনে বসার পদ্ধতির চেয়ে ভালো কিছু করার চেষ্টায় কম্পিউটারে একাধিক পরীক্ষা চালান স্টিফেন। এরপরই তিনি উদ্ভাবন করেন নতুন এই পদ্ধতি। পরবর্তীতে জার্নাল অব এয়ার ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের সাময়িকীতে তা প্রকাশ করেন।স্টিফেন তাঁর নতুন পদ্ধতিতে প্রস্তাব করেন, প্রথমে বিমানের সব সারির জানালার পাশের আসনগুলো পূর্ণ করার। এটা করতে হবে বিমানের পেছন থেকে সামনের সারি পর্যন্ত। এরপর মাঝের। শেষে আইল আসনগুলো। এতে সবচেয়ে সুবিধা হলো, বিমানের ছোট পরিসরে নিজেদের আসনে বসতে যাত্রীদের গলদঘর্ম হতে হয় না।স্টিফেনের এই পদ্ধতি ইতিমধ্যে পরীক্ষাও করা হয়েছে। জন হসকিস নামের একজন টিভি প্রযোজক ‘দিজ ভার্সেস দ্যাট’ নামে একটি অনুষ্ঠান নির্মাণের সময় একই সমস্যার মুখোমুখি হন। হসকিস এ সময় স্টিফেনের সঙ্গে যোগাযোগ করেন এবং আরোহণ পদ্ধতি নিয়ে একটি পরীক্ষা করার প্রস্তাব দেন। স্টিফেন ও হসকিস এ সময় পাঁচভাবে আরোহণের বিষয়টি পরীক্ষা করেন।প্রথম পরীক্ষায় বিমানের সব কটি সারির যাত্রীদের পেছন থেকে সামনের দিকে বসতে দেওয়া হয়। এই পদ্ধতি ‘ব্লক বোর্ডিং’ নামে পরিচিত। পরের পরীক্ষায় পেছন থেকে সামনের দিকের আসনে একজন একজন করে বসানো হয়। এরপর উইলমা মেথড, স্টিফেন মেথড এবং সবশেষে এলোমেলো আসনের যাত্রীদের বসানো হয়। সবকটি পরীক্ষাতেই বাবা-মা ও তাদের সন্তানদের সবার আগে আসন গ্রহণ করতে বলা হয়। কারণ পরিবারের সদস্যরা সব সময়ই এক সঙ্গে থাকতে চায়। সব শেষে দেখা যায়, অন্য সব পরীক্ষার চেয়ে স্টিফেন মেথডে প্রায় অর্ধেক সময় বেঁচেছে।জ্যাসন স্টিফেন বিবিসিকে বলেন, ‘২০০৮ সালে আমি যেমনটি অনুমান করেছিলাম পরীক্ষার পর তাই সত্য প্রমাণিত হয়েছে।’ তিনি আশা করছেন, বাণিজ্যিক বিমান পরিবহন সংস্থাগুলো তাঁর এই পদ্ধতি অনুসরণ করবে। এতে তাদের সময় ও অর্থ দুটোই বেঁচে যাবে। তিনি এও বলেন, এখনো কেউ তাঁকে ফোন করেনি। তবে এ অবস্থার পরিবর্তন হবে বলে তিনি আশা করছেন।