বিমানে লোকসান তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্থবছরে বাংলাদেশ বিমানের ৮০ কোটি টাকা লোকসানের কারণ তদন্ত করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সরকারি প্রতিষ্ঠানসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ার লাইনস লিমিটেডের সার্বিক কার্যক্রম ও অডিট আপত্তি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করে আলোচনা করা হয়।সভায় বিমান ব্যবস্থাপনার উন্নয়নে বার্ষিক কর্মপরিকল্পনা করে তা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বিমানে যাত্রীসেবার মান অধিকতর উন্নয়নের সুপারিশ করা হয়। বাংলাদেশ বিমানের উন্নয়নের লক্ষ্যে এসএমএআরটি (স্মার্ট) ফর্মুলা অনুসরণ করে যথাযথ দায়িত্ব পালনেরও সুপারিশ করা হয়।এ ছাড়া বৈঠকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সব অডিট আপত্তি নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠান দুটিকে আরও গতিশীল করার সুপারিশ করা হয়।এ সময় কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, মো. খালেদুর রহমান, বীরেন শিকদার, এস কে আবু বাকের, মইন উদ্দীন খান বাদল ও বজলুল হক হারুন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বাসস।