বিমানে ৭০০ কোটি টাকার দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের বিভিন্ন খাতে ৭০০ কোটি টাকার দুর্নীতির হদিস পেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত দুই দশকে এসব দুর্নীতি তদন্তের জন্য বিমানের পরিচালনা পর্ষদকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিটি সূত্রে জানা গেছে।বিমানের দুর্নীতি তদন্তের জন্য সংসদীয় কমিটির গঠিত উপকমিটি ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন খাতে কেনাকাটার বিষয়ে অনুসন্ধান করে ৭০০ কোটি টাকার দুর্নীতির সন্ধান পায়। এর মধ্যে উড়োজাহাজ কেনা ও ভাড়া করা, টিকিট বিক্রি, যন্ত্রাংশ কেনা, হজফ্লাইট পরিচালনাসহ বিভিন্ন খাত রয়েছে। গতকালের বৈঠকে বিমানের দুর্নীতি, ক্রমাগত অবক্ষয় ও পরিত্রাণের উপায় নিয়ে গঠিত উপকমিটির তদন্ত পর্যালোচনা করা হয়। সংসদ ভবনে স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জি এম কাদের, হুইপ মুজিবুল হক, সৈয়দ মহসিন আলী, মেজবাহউদ্দীন ফরহাদ ও শেফালী মমতাজ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল সাংবাদিকদের বলেন, ‘বিমান কর্তৃপক্ষ চায় না এসব দুর্নীতির তদন্ত হোক। সে জন্যই তারা দুর্নীতির তদন্তকাজে আমাদের সহযোগিতা করছে না।’দুর্নীতির তদন্তে রোম, লন্ডন ও দুবাই যেতে চায়: এ ছাড়া বিমানের দুর্নীতির ব্যাপারে অধিকতর তদন্তের জন্য সংসদীয় কমিটি লন্ডন, রোম ও দুবাই সফর করতে চায়। এ সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নিতে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।