বিমানের আরও একটি ফ্লাইট বাতিল চারটি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটসূচির বিপর্যস্ত অবস্থা কাটেনি। গতকাল সোমবারও একটি ফ্লাইট বাতিল হয়েছে। পিছিয়েছে চারটি ফ্লাইটের সময়সূচি।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, গতকালও বিমানের কোনো ফ্লাইট সময়মতো উড়াল দিতে পারেনি। গতকাল বিকেল পাঁচটার ঢাকা-দোহা-দুবাই ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে কাঠমান্ডু, কলকাতা, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম ফ্লাইটের যাত্রা পিছিয়ে ফ্লাইটসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।কয়েক দিন ধরে বিমানের শিডিউল বিপর্যয়ের কারণে মধ্যপ্রাচ্যগামী হাজার খানেক যাত্রী আটকা পড়েছেন। বিমানকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ যাত্রীদের হাতাহাতিও হয়। এর মধ্যে শুক্রবারের জেদ্দা ও শনিবারের কাঠমান্ডু, রোববারের লন্ডন ও কুয়ালালামপুরগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। বাকি গন্তব্যগুলোর ফ্লাইট বাতিল না হলেও কোনোটি সময়মতো ছাড়তে পারেনি।বিমানবন্দর সূত্র জানায়, বেলা আড়াইটায় সাইফুল আলম নামের এক যাত্রী কাউন্টারে গিয়ে ফ্লাইট কখন ছাড়বে, তা জানতে চান। তখন তাঁর সঙ্গে বিমানের কয়েকজন কর্মীর বাগিবতণ্ডা হয়। এটাকে কেন্দ্র করে বিমানের অন্য যাত্রীদের সঙ্গে কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। দ্রুত নিরাপত্তারক্ষীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিমানের কর্মকর্তারা জানান, ভাড়া করা একটি বোয়িং-৭৪৭ গত বৃহস্পতিবার ঢাকা থেকে যাত্রী নিয়ে ওমান যায়। বিমান কর্তৃপক্ষকে না জানিয়ে সেখান থেকে উড়োজাহাজটি চলে যায়। পরদিন শুক্রবার থেকে বিমানের উড্ডয়নসূচি বিঘ্নিত হওয়া শুরু হয়। চার দিন ধরে চলা সংকটে বিভিন্ন গন্তব্যের ফ্লাইটসূচি বারবার বদল হয়েছে। বিমানের একজন পরিচালক জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও চার-পাঁচ দিন লাগতে পারে।