বিমানের এক কর্মকর্তা চাকরিচ্যুত, একজন বাধ্যতামূলক অবসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কারণ দর্শানো ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন) আমিনুল হককে গতকাল রোববার চাকরিচ্যুত করা হয়েছে। একই দিন মহাব্যবস্থাপক খাজা জুনায়েদকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।বিমান সূত্র জানায়, গতকাল পরিচালক (প্রশাসন) আমিনুল হক চাকরিচ্যুতির চিঠি হাতে পান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকিউল ইসলামের সই করা চাকরিচ্যুতির এ আদেশ গতকাল থেকেই কার্যকর করা হয়। চাকরিচ্যুতির ফলে তিনি অবসরকালীন সুবিধা বা পেনশন পাবেন না।আমিনুল হক প্রথম আলোকে বলেন, তাঁর প্রতি অবিচার করা হয়েছে। কারণ বিমানে ৩০ বছরের চাকরিজীবনে কখনো তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। তাঁর চাকরির বয়স আর বছরখানেক ছিল। এর মধ্যে কোনো কারণ ছাড়া হঠাৎ চাকরিচ্যুতি করে তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তিনি এর বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন। তাঁর অভিযোগ, বিমানের অভিজ্ঞ কর্মকর্তাদের সরানোর প্রক্রিয়ার একটি অংশ এটি।এ ব্যাপারে এমডির বক্তব্য নিতে গিয়ে জানা যায়, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানের একই ফ্লাইটে ব্রাসেলস পর্যন্ত যান। সেখান থেকে তিনি লন্ডনে যান এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন। বিমান সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে এমডি চাকরিচ্যুতির চিঠিতে সই করেন।বিমানের পরিচালনা পর্ষদের এক সদস্য জানান, বুধবার পরিচালনা পর্ষদের সভায় পরিচালক (প্রশাসন) আমিনুল হককে চাকরিচ্যুত করা, মহাব্যবস্থাপক (কার্গো) জুনায়েদকে অবসর দেওয়া এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) বেলায়েত হোসেনকে ভান্ডার শাখায় বদলি করার সিদ্ধান্ত হয়।জানা যায়, মহাব্যবস্থাপক (ভান্ডার) রাজপতি সরকারকে পরিচালক (প্রশাসন) পদে ভারপ্রাপ্ত হিসেবে বদলি করা হয়েছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত মাসে বেতন বৃদ্ধি ও পেনশন-ব্যবস্থা পুনর্বহালের দাবিতে কর্মীদের আন্দোলনের সময় আমিনুল হক কর্তৃপক্ষের পক্ষে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। কর্মীদের পেনশন-ব্যবস্থা বাতিল করে একটি দাপ্তরিক আদেশের পর কর্মীরা আন্দোলন শুরু করেছিলেন। ওই দাপ্তরিক আদেশে আমিনুল হক সই করতে রাজি হননি। পরে কোম্পানি সচিব আবদুর রশিদ ওই আদেশে সই করেন এবং কর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন। ওই আদেশে সই না করায় আমিনুল হককে চাকরিচ্যুত করা হয়।বিমানের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা প্রথম আলোতে ফোন করে বলেন, অভিজ্ঞ দুই কর্মকর্তাকে এভাবে বিনা কারণে বের করে দেওয়ার ঘটনা কর্মীদের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে।