বিমানের এক বছরে লোকসান ৮০ কোটি টাকা: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, গত অর্থবছরে (২০০৯-১০) বাংলাদেশ বিমান ৮০ কোটি টাকা লোকসান দিয়েছে। এসব ক্ষতির কারণ সম্পর্কে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে মনে করেছে মন্ত্রণালয়।এ জন্য ক্ষতির কারণগুলো বিমানের পর্যালোচনা পরিষদে উপস্থাপন করে পুনরায় মতামত দিতে বলা হয়েছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে সাংসদ মোশতাক আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে বিকেল সোয়া পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।সাংসদ এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইউরো আটলান্টিক থেকে নেওয়া উড়োজাহাজের মেয়াদ শেষ হওয়ায় গত ৩ ফেব্রুয়ারি ঢাকা-লন্ডন-ঢাকা সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। বর্তমানে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত উড়োজাহাজ লিজের মাধ্যমে সংগ্রহের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। চলতি বছরের নভেম্বরের মধ্যে দুটি উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হবে বলে তিনি জানান।সাংসদ অপু উকিলের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে কোনো নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা নেই। তবে ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন প্রজন্মের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। জাতীয় পার্টির সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে জি এম কাদের জানান, বর্তমানে বাংলাদেশ বিমানের মোট নয়টি উড়োজাহাজ আন্তর্জাতিক রুটে চলাচল করছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিমান বর্তমানে অভ্যন্তরীণ রুট হিসেবে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার স্টেশনে চলাচল করছে। বৈদেশিক রুট হিসেবে ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, হংকং, দিল্লি, কলকাতা, করাচি, কাঠমান্ডু, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইন, কুয়েত, মাসকাট, লন্ডন ও রোম স্টেশনে বিমান চলাচল করছে।