বিমানের এমডির পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমোডর (অব.) জাকীউল ইসলাম পদত্যাগ করেছেন।গতকাল শুক্রবার রাতে বিমানের পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় আপাতত বিমানের জ্যেষ্ঠ একজন কর্মকর্তাকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়ার এবং নতুন এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।এ ব্যাপারে বক্তব্য জানতে গত রাতে কয়েক দফায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও জাকীউল ইসলাম ফোন ধরেননি।জানতে চাইলে বিমানের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য আবুল কাশেম আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জাকীউল ইসলামের চাকরির মেয়াদ এমনিতেই শেষ হয়ে এসেছে। তিনি কয়েক দিন আগেই আর চাকরি করবেন না বলে চিঠি দিয়েছেন। এ নিয়ে গতকাল বোর্ডের সভায় আলোচনা হয়েছে। নতুন এমডির জন্য আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেব। এর আগে একজনকে চলতি দায়িত্ব দেওয়া হবে।’সন্ধ্যা ছয়টায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে পরিচালনা পর্ষদের সভা শুরু হয়। এ সময় পর্ষদের নিরাপত্তায় বলাকা ভবন ঘিরে রাখে পুলিশ। পরিচালনা পর্ষদের সভা হবে—এ খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কয়েক শ বিমানকর্মী বলাকা ভবনের সামনে জড়ো হন। তাঁরা মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করে পরিচালনা পর্ষদের আগমনের প্রতিবাদ জানান। এই বিক্ষোভ চলাকালে সভা শুরু হয়। এক ঘণ্টা ধরে কর্মীরা এই কর্মসূচি পালন করেন। পর্ষদের সভা শেষ হয় রাত নয়টায়।বিমান বাঁচাও ঐক্য পরিষদের আহ্বায়ক মশিকুর রহমান প্রথম আলোকে বলেন, যেখানে বিমানের সর্বস্তরের কর্মীরা চেয়ারম্যানের অপসারণের দাবিতে একাট্টা, এ অবস্থায় আকস্মিক সভা ডাকা উদ্দেশ্যমূলক। তাঁরা চেয়েছিলেন, কর্মীরা বিশৃঙ্খলা করুক এবং তাতে বিমানবন্দর অচল হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। তিনি বলেন, ‘আমরা পাতানো ফাঁদে পা দিইনি। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছি।’বিমানের কর্মকর্তা ও কর্মচারীদের আটটি সংগঠন মিলে ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’ গঠন করে বর্তমান পরিচালনা পর্ষদকে অযোগ্য ঘোষণা এবং পর্ষদ ভেঙে দেওয়ার দাবিতে দুই মাস ধরে আন্দোলন করছে।এদিকে রাত পৌনে ১০টায় বিমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিক অসন্তোষে সৃষ্ট মাসব্যাপী সংকট নিরসনের পর বিমান পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্ষদের সভাপতি জামাল উদ্দিন আহমেদ চলমান সংকটের পর বিমানে কর্মমুখর পরিবেশ ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেন। সভায় তিনি বলেন, ‘অচলাবস্থা কাটিয়ে উঠতে সরকারি নীতিনির্ধারকদের সহূদয় সহযোগিতার জন্য আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।’বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা পর্ষদের সভায় শ্রমিকদের ন্যায়ানুগ ও যৌক্তিক যেকোনো দাবির প্রতি সহানুভূতিশীল বলে অভিমত ব্যক্ত করা হয়। কিন্তু দাবি-দাওয়ার নামে কোনো নিয়মবহির্ভূত কর্মকাণ্ড কাম্য নয় বলেও মত দেওয়া হয়।