বিমানের এমডিসহ চার কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দিক আহমেদসহ বিমানের চার কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। অপর তিন কর্মকর্তা হলেন—বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার, পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. শাহনেওয়াজ ও ব্যবস্থাপক (আইন শাখা) আজরা নাসরিন রহমান। একই সঙ্গে বিমানের এই চার কর্মকর্তাকে ২২ জুলাই সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে এই রুল জারি করেন। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।আদালত সূত্র জানায়, চলতি বছরের ৪ মার্চ এক রায়ে হাইকোর্ট বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বেচ্ছা-অবসর কর্মসূচির (ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম—ভিআরএস) নামে চাকরিচুত্য কর্মকর্তা-কর্মচারীদের ৬০৮টি অনুমোদিত শূন্য পদের বিপরীতে নতুন করে নিয়োগ দিতে বলা হয়। কিন্তু ৫ জুলাই বিমান কর্তৃপক্ষ টেলেক্সযোগে কমার্শিয়াল পদে পদোন্নতির জন্য দাপ্তরিক নোটিশ দেয়। এ অনুসারে আজ এবং কাল মঙ্গলবার ওই পরীক্ষা হওয়ার কথা। এ ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুসরণ না করার অভিযোগে বিমানের দুজন ভিআরএস কর্মকর্তা গতকাল রোববার হাইকোর্টে আদালত অবমাননার আবেদনটি করেন। আজ এই আবেদনের ওপর শুনানি হয়।আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী আমিনুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল টাইতাস হিল্লোল রেমা ও ফরিদা ইয়াসমিন।পরে আইনজীবী আহসানুল করিম প্রথম আলো ডটকমকে বলেন, গত ৪ মার্চ হাইকোর্ট ভিআরএস প্রশ্নে রায় দেন। এতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, যাঁরা ভিআরএস কর্মসূচির আওতায় চাকরি হারিয়েছেন, বিমানে পদ খালি হলে, নতুন পদ সৃষ্টি হলে তাদের পুনর্নিয়োগ দিতে হবে। কিন্তু এটা অনুসরণ না করে বিমান কর্তৃপক্ষ পদোন্নতির বিজ্ঞাপন দিয়েছে। এ জন্য আদালত অবমাননার আবেদনটি করা হয়। আদালত রুল জারি করেছেন। রুল বিচারাধীন থাকা অবস্থায় ৫ জুলাইয়ের ওই নোটিশের কার্যকারিতার তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।