ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয় বৈমানিককে অব্যাহতি দিতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ মঙ্গলবার বিমান পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা। একই সঙ্গে সভা থেকে নতুন একজনকে ভারপ্রাপ্ত এমডি নিয়োগ করা হতে পারে বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।বর্তমান ভারপ্রাপ্ত এমডি ক্যাপ্টেন শেখ নাসের উদ্দিন গতকাল সোমবার একবেলা অফিস করলেও দাপ্তরিক কোনো ফাইলে সই করেননি। বাকি পাঁচজন বৈমানিক (পাইলট) ক্যাপ্টেন আশরাফ খান, ক্যাপ্টেন মোজাম্মেল হোসেন, ক্যাপ্টেন এস রহমান, ক্যাপ্টেন সেলিম ও ফার্স্ট অফিসার আবদুর রহিমকে গতকাল কোনো দায়িত্ব দেওয়া হয়নি।ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত সোমবার আরবিট্রেশন ট্রাইব্যুনাল বর্তমান এমডিসহ ছয় বৈমানিকের চাকরির বয়স বৃদ্ধিসংক্রান্ত বিমানের প্রশাসনিক আদেশকে বেআইনি ঘোষণা করায় তাঁদের চাকরিতে রাখার আর কোনো সুযোগ নেই। তবে বিমান কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল বা রায়ের অকার্যকারিতা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে তা ভিন্ন কথা।জানতে চাইলে বিমানের ফ্লাইট পরিচালন শাখার পরিচালক (ডিএফও) ক্যাপ্টেন ইশরাক আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, বিমান কর্তৃপক্ষ আরব্রিটেশন ট্রাইব্যুনালের রায়ের কপি হাতে পেয়েছে। তাই সংশ্লিষ্ট বৈমানিকদের দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। তবে তাঁদের চাকরি থেকে অব্যাহতি-সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ এখনো জারি হয়নি।প্রসঙ্গত, ২০১০ সালের ৯ সেপ্টেম্বর বিমান কর্তৃপক্ষ এক প্রশাসনিক আদেশ জারি করে ছয়জন বৈমানিকের চাকরির বয়স পাঁচ বছর বাড়িয়ে ৫৭ থেকে ৬২ বছর করে। অধিকাংশ বৈমানিক এই আদেশের বিপক্ষে অবস্থান নেন। তাঁরা আন্দোলনে নামেন। তখন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে হাইকোর্টের নির্দেশে আরবিট্রেশন ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনালের সোমবারের রায়ের ফলে ওই শাস্তিমূলক ব্যবস্থাও বেআইনি বলে গণ্য হবে।