বিমানের কর্মকর্তা আমিনুল হকের অব্যাহতির আদেশ বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চাকরিচ্যুত পরিচালক (প্রশাসন) মো. আমিনুল হকের অব্যাহতির আদেশ বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহাবুব ও বিচারপতি ফরিদ আহাম্মদের সমন্বয়ে গঠিত হাইকার্ট বেঞ্চ রিট নিষ্পত্তি করে এ রায় দেন। তবে তাঁকে অবসরকালীন সুবিধাগুলো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। একই আদালত দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (গ্রাহকসেবা) সৈয়দ খাজা জুনায়েদের বাধ্যতামূলক অবসরের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। এর ফলে তিনি চাকরি ফিরে পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।জানা যায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর মো. আমিনুল হককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ১৯ সেপ্টেম্বর রাজপতি সরকারকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে মো. আমিনুল হক হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন ও স্থগিতাদেশ দেন। পরে বিষয়টি আপিল বিভাগে যায়। আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে ৩১ জানুয়ারির মধ্যে হাইকোর্টে রুলের নিষ্পত্তির উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় রুলের শুনানি শেষে রায় দেন হাইকোর্ট। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান এবং বিমানের পক্ষে মাহবুবে আলম ও খোন্দকার দিলিরুজ্জামান মামলা পরিচালনা করেন। খোন্দকার দিলিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আমিরুল হকের অব্যাহতি আদেশ বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মোস্তাফিজুর রহমান খান জানান, আমিরুল হকের অব্যাহতির আদেশ বহাল রয়েছে। তবে আদালত তাঁকে অবসরকালীন সুবিধাগুলো দেওয়ার শর্তে রিটটি নিষ্পত্তি করে দিয়েছেন।