বিমানের ক্রিকেটার কুন্তল খুন
বাংলাদেশ বিমানের চুক্তিভুক্ত ক্রিকেটার কুন্তল চন্দ (২৮) খুন হয়েছেন। গতকাল সোমবার সকালে তুরাগ থানা এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কুন্তল দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়েছিলেন।তুরাগ থানার পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে সকাল আটটার দিকে তুরাগের ধউর এলাকার বেড়িবাঁধ থেকে কুন্তলের লাশ উদ্ধার করা হয়। শার্ট দিয়ে তাঁর দুই হাত বাঁধা ছিল। মুখ ও নাকে ছিল রক্তাক্ত জখম। গলায় দাগ।ঘটনাস্থলে যাওয়া তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন জানান, মুখ ও নাকের আঘাতের ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে আঘাত ও শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে।সূত্র জানায়, কুন্তলের ব্যবহূত মুঠোফোনটি পাওয়া যায়নি। মানিব্যাগে কয়েকটি কাগজে লেখা মুঠোফোনের সূত্র ধরে স্বজনদের খবর দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।কুন্তলের বড় ভাই কৌশিক চন্দ প্রথম আলোকে জানান, কুন্তল বন্ধুদের সঙ্গে গুলশানের কালাচাঁদপুরে মেসে থাকতেন। গত রোববার বিকেলে ধামরাইয়ের গোপনগরে তাঁর (কৌশিক) শ্বশুরবাড়িতে যান। রাত আটটার দিকে সেখান থেকে বাসার উদ্দেশে রওনা দেন। এরপর আর বাসায় ফেরেননি। মেসের বাসিন্দা কুন্তলের বন্ধু আজমি খান তাঁকে জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে তিনি (আজমি) কুন্তলের মুঠোফোনে কল করেন। ওই সময় মুঠোফোন ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর তা বন্ধ পাওয়া যায়।পুলিশ জানায়, এ ঘটনায় কৌশিক চন্দ বাদী হয়ে হত্যা মামলা করেছেন। কুন্তলের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে। বাবা কমল চন্দ।