বিমানের চেয়ারম্যানকে সংসদীয় কমিটিতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মে অভিযোগের ব্যাপারে জবাবদিহি করতে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটিতে তলব করা হয়েছে। একাধিকবার আমন্ত্রণ জানানো সত্ত্বেও কমিটির বৈঠকে উপস্থিত না হওয়ায় সংসদীয় স্থায়ী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।আজ রোববার জাতীয় সংসদ ভবনে বিমান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি মোশাররফ হোসেন তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, বৈঠকে ওমানে বাংলাদেশ বিমানের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ নিয়ে আলোচনা হয়। এ সময় বিমানের চেয়ারম্যানের অনুপস্থিতি কারণে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বৈঠক মুলতবি করে আগামী বৃহস্পতিবার আবারও বৈঠক করার সিদ্ধান্ত নেন। সেই বৈঠকে বিমানের চেয়ারম্যানকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটি বিমানের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরে নালিশ করার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নেয়।মোশাররফ হোসেন বলেন, কমিটির একাধিক বৈঠকে চেয়ারম্যানকে আসার জন্য বলা হয়েছে। কিন্তু তিনি প্রতিবারই বিমানের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পাঠিয়ে দায়িত্ব শেষ করেছেন। ওমানে জিএসএ নিয়োগ এবং এয়ার আটলান্টার উড়োজাহাজ লিজ নিয়ে যে অনিয়মের অভিযোগ আছে, সে ব্যাপারে এমডির বক্তব্যে সন্তুষ্ট নয় কমিটি। এ জন্যই কমিটি মুলতবি বৈঠকে চেয়ারম্যানকে তলবের সিদ্ধান্ত নিয়েছে। চেয়ারম্যানকে বলতে হবে, কেন অডিট আপত্তি সত্ত্বেও ওমানে ৩২ বছরের পুরোনো বিতর্কিত জিএসএকে নিয়োগ দেওয়া হলো।কমিটির সভাপতি বলেন, ‘বিমান একটি আজব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠান এখন কার কাছে দায়বদ্ধ, তা আমাদের অজানা। মন্ত্রণালয়ের কাছেও বিমানের পরিচালনা বোর্ড কোনো জবাবদিহি করে না।’সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিতে বিমান-কর্মীদের আন্দোলনের বিষয় সম্পর্কে মোশাররফ হোসেন বলেন, কমিটির মুলতবি বৈঠকে চেয়ারম্যানের কাছে বিষয়টি জানতে চাওয়া হবে।মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের বৈঠকে কমিটির সদস্য বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, মইনউদ্দিন খান, ফরিদুল হক খান, সৈয়দ মহসীন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।