বিমানের জবাবদিহি আদায়ে সংসদীয় কমিটির গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের সার্বিক ব্যবস্থাপনা এবং পরিচালনা পর্ষদের কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানির আয়োজন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটি ওমানে বিমানের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ-সম্পর্কিত অনিয়মের অভিযোগ তদন্তের জন্য তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠাবে।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিমানমন্ত্রী ফারুক খান, মঈন উদ্দীন খান বাদল, ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী, আসলামুল হক, শেফালী মমতাজ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ নাসির উদ্দিন আহমেদ।বৈঠক শেষে মঈন উদ্দীন খান সাংবাদিকদের বলেন বলেন, কমিটি বিমানের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে গণশুনানির আয়োজন এবং ওমানে বিমানের জিএসএ নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য দুদককে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।কমিটি এ পর্যন্ত যেসব সুপারিশ করেছে, তার বাস্তবায়ন হলে বিমানকে সংকটে পড়তে হতো না বলে মঈন উদ্দিন খান মন্তব্য করেন। তিনি বলেন, বিমানের সংকটের জন্য চেয়ারম্যান কোনোভাবে নিজের দায় এড়াতে পারেন না। তিনি আজকের বৈঠকে কোম্পানি আইন পড়ে শুনিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, চেয়ারম্যান স্বাধীন। কিন্তু তাঁকে বুঝতে হবে, বিমান পাবলিক লিমিটেড কোম্পানি হলেও এটির শতভাগ মালিকানা সরকারের। তাঁকে সরকারের কাছে জবাবদিহি করতে হবে। তিনি যদি নিজেকে স্বাধীন মনে করেন, তবে ভুল করছেন। বিমানের চেয়ারম্যানকে সংসদীয় কমিটির প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি পয়সার হিসাব দিতে হবে।ওমানে জিএসএ নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ সম্পর্কে মঈন উদ্দিন খান বলেন, সংসদীয় কমিটি বিষয়টির তদন্ত করছে। কিন্তু তদন্তের আরও গভীরে যেতে হলে দুদকই উপযুক্ত প্রতিষ্ঠান।কমিটির অভিযোগ, ৩২ বছর ধরে জিএসএ হিসেবে কাজ করতে থাকা ওমান ট্রাভেল ব্যুরো অনিয়ম ও আর্থিক দুর্নীতি করেছে।এ ছাড়া সংসদ সচিবালয়ের সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি কক্সবাজারের টেকনাফের নিলা টিলা অঞ্চলটিকে পরিকল্পিতভাবে উপায়ে সাজিয়ে তা শুধু পর্যটকদের জন্য সংরক্ষিত রাখার সুপারিশ করেছে।