বিমানের তিনটি উড়োজাহাজ বসে গেছে, একটি চলে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়ায় আনা সুপরিসর উড়োজাহাজ বোয়িং ৭৭৭ ইআর গত বৃহস্পতিবার বহর থেকে চলে যাওয়ায় বাংলাদেশ বিমানের ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে গেছে।এখন বহরে থাকা নিজস্ব চারটি ডিসি-১০, ভাড়ায় আনা দুটি বোয়িং ৭৩৭ ও তিনটি এয়ারবাস (একটি নিজস্ব) দিয়ে ১৮টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনায় হিমশিম খাচ্ছিল বিমান কর্তৃপক্ষ। এরই মধ্যে একটি ডিসি-১০, একটি এয়ারবাস ও একটি বোয়িং ৭৩৭ যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে গেছে।বিমানের ফ্লাইট পরিচালনসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানের একটি ডিসি-১০ উড়োজাহাজ গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বসে যায়। সেটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ওমানের মাস্কাট যাচ্ছিল। এখন এটি সচল করতে যে যন্ত্রাংশ দরকার, তা বিমানের ঢাকার গুদামে নেই। যন্ত্রাংশ সংগ্রহ না করা পর্যন্ত এটি সচল করা সম্ভব নয়।এর আগে একটি এয়ারবাসের ইঞ্জিনের ত্রুটি দেখা দেওয়ায়, সেটি কয়েক দিন ধরে ঢাকায় বিমানের প্রকৌশল হ্যাঙ্গারে আছে।তারও আগে থেকে ইঞ্জিনের একটি জরুরি যন্ত্রাংশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভাড়ায় আনা একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ কয়েক সপ্তাহ ধরে বসে আছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলো বিকল বা আয়ু শেষ হলে মূল কোম্পানিকে তা বদলিয়ে বা সারিয়ে দিতে হবে—ভাড়া করার সময় চুক্তিতে এমন শর্ত রাখলে এখন বিমানকে গচ্চা দিতে হতো না। ভাড়া করার সময় সেই দক্ষতা দেখাতে পারেনি বিমান। এখন এই যন্ত্রাংশ বদলাতে প্রায় দুই লাখ ডলার লাগবে। আবার না উড়লেও মাসিক ভাড়ার টাকা দিতে হবে।এদিকে বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়ায় আনা বোয়িং ৭৭৭-এর চুক্তির মেয়াদ ৩ ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়ায় সেটি আর বহরে রইল না। কিন্তু চুক্তি অনুযায়ী ৪০ দিনের ‘এক্সটেনশন প্রভিশন’ থাকলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় সেটির সদ্ব্যবহার করা সম্ভব হয়নি।বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বোয়িং ৭৭৭ সরাসরি লন্ডন ফ্লাইট ছাড়াও ঢাকা থেকে কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনায় ব্যবহূত হয়েছে।উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) দাবি করেন, ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইট বন্ধ হলেও দুবাই হয়ে লন্ডন গন্তব্যে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এ ছাড়া শিগগির একাধিক বোয়িং ৭৭৭ ভাড়ায় এবং নতুন কেনা দুটি বোয়িং আগামী অক্টোবর-নভেম্বরে বহরে যোগ দিলে সংকট কেটে যাবে।