বিমানের দুর্নীতি নিয়ে মন্ত্রীর বক্তব্য নাকচ করেছেন চেয়ারম্যান
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব এবং মন্ত্রীর দুর্নীতির অভিযোগ নাকচ করে দিয়েছেন সংস্থাটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন। গতকাল বুধবার বিমানের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি মন্ত্রীর অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেন।এ ছাড়া বিমানের পরিচালনা পর্ষদের ওপর মন্ত্রণালয়ের কর্তৃত্ব এবং নিয়োগ ও বরখাস্তের ক্ষমতা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিমানমন্ত্রীর প্রস্তাব অযৌক্তিক বলেও মনে করেন জামাল উদ্দিন। এদিকে গতকাল বিকেলে নগরের একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিয়ে এক আলোচনা সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের সাংবাদিকদের বলেন, কোম্পানি হলেও বিমান জনগণের সম্পদ। জনগণের কোনো সমস্যা হলে তারা বিমানের কাছে যায় না, মন্ত্রণালয়কে বলে। তাই জনগণের প্রতিনিধি হিসেবে এর নিয়ন্ত্রণ এবং নিয়োগ-বরখাস্তের ক্ষমতা চেয়ে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বলেন, ‘সৈয়দপুর, যশোর, রাজশাহী রুটে আবার বিমানের ফ্লাইট চালু হোক, এটা জনগণের দাবি। আমরা এসব রুটে ফ্লাইট চালু করতে বলি কিন্তু বিমান পরিচালনা পর্ষদ গ্রাহ্য করে না।’ মঙ্গলবার এক অনুষ্ঠানে জি এম কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, বাংলাদেশ বিমানের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নেই। বিমানের কর্মকর্তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। আইনি সীমাবদ্ধতার কারণে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছে না মন্ত্রণালয়। তাই বিমানের পরিচালনা পর্ষদের ওপর মন্ত্রণালয়ের কর্তৃত্ব এবং নিয়োগ-বরখাস্তের ক্ষমতা দেওয়া উচিত।দুর্নীতির অভিযোগসংক্রান্ত বিমানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ‘দুর্নীতি তো পুরো বাংলাদেশেই আছে। মানুষকে এভাবে হেয় করা ঠিক নয়। আর বিমানে যদি দুর্নীতি হয়েই থাকে, তাহলে দেশে কি সরকার নেই? এসব দেখার জন্য সরকারের অনেক বিভাগ আছে। ওনার কাছে দুর্নীতির কী প্রমাণ আছে? ঘুষ-দুর্নীতির তো কোনো ক্যাশ মেমো হয় না।’বিমানের চেয়ারম্যান বলেন, মন্ত্রণালয়ের কর্তৃত্ব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাব অযৌক্তিক। কারণ বিমানকে কোম্পানিতে রূপান্তরের সময় ঠিক করা হয়েছে কীভাবে এর পরিচালনা পর্ষদ গঠিত হবে এবং চলবে। এখন যদি মন্ত্রণালয়ের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এটিকে আগের মতো করপোরেশনে রূপান্তরিত করতে হবে। মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘উনি কর্তৃত্বের কথা বলছেন। কিন্তু কর্তৃত্ব তো ওনারা বোর্ডকে দিয়েছেন। এখন ওনারা যদি মনে করেন, এই বোর্ড দিয়ে কাজ হচ্ছে না, তাহলে বোর্ড পাল্টে ফেলুন। কেউ তো আর মানববন্ধন করে বলেনি যে আমাকে বোর্ডের মেম্বার বানানো হোক।’জামাল উদ্দিন বলেন, ‘বিমানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নেই—মন্ত্রীর এ বক্তব্য ঠিক নয়। বিমান বোর্ডের প্রত্যেক সভার কার্যবিবরণী মন্ত্রণালয়ে পাঠানো নয়। প্রতিটি সিদ্ধান্ত জানানো হয়। আমি নিজে দেড় বছরে অন্তত ছয়বার মন্ত্রীর কাছে গিয়েছি। আমার এমডিকে যখনই খুঁজি, বলে মন্ত্রণালয়ে গেছেন। মন্ত্রণালয়ের সচিব বোর্ডের মেম্বার। তিনি প্রতিটি সভায় থাকেন। এখন মন্ত্রী ও সচিবের মধ্যে যদি গন্ডগোল থাকে, সেটার দায় তো আমাদের ওপর চাপানো ঠিক হবে না।’ অবশ্য এ প্রসঙ্গে বিমানমন্ত্রী সাংবাদিকদের বলেন, সচিবের সঙ্গে তাঁর কোনো দূরত্ব নেই। পরিচালনা পর্ষদে চেয়ারম্যানসহ ১১ জনের মধ্যে তাঁর মন্ত্রণালয়ের সচিব একজন সদস্য। তাঁর কথা তাঁরা গ্রাহ্য করেন না।বিমানের বহরে নাইজেরিয়ার কাবো এয়ারলাইনসের একটি পুরোনো উড়োজাহাজ রাখা না রাখা নিয়ে সংসদীয় কমিটি ও বিমানমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য এবং এ নিয়ে সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে জামাল উদ্দিন গতকাল এই মতবিনিময়ের আয়োজন করেন। এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামও উপস্থিত ছিলেন। সংসদীয় কমিটির দুই সদস্য ইতিপূর্বে সাংবাদিকদের বলেছেন, তাঁরা কাবোর উড়োজাহাজ ও হজ ফ্লাইটের জন্য উড়োজাহাজ ভাড়া করা নিয়ে মন্ত্রীর হস্তক্ষেপসংক্রান্ত যেসব অভিযোগ করেছেন, তা তাঁদের বিমান কর্তৃপক্ষ বলেছে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, সংসদীয় কমিটির কাছে এমন কোনো অভিযোগ তাঁরা করেননি।