বিমানের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেছে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি অতীতের মতো মন্ত্রীকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে রাখার পক্ষে মত দিয়েছে।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, বিমান ক্রমাগত লোকসান দিচ্ছে। বিমানের কর্মীরা ৪৮ ঘণ্টার ধর্মঘটের আহ্বান করেছেন। তাঁরা বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগেরও দাবি তুলেছেন। কর্মচারীদের এ দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেন কমিটির সভাপতি।বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে এর পরিচালনা পর্ষদ বাতিল করতে হবে বলে জানান মোশাররফ হোসেন। তিনি বলেন, বিমানের জবাবদিহিতা নিশ্চিত করতে হলে অতীতের মতো মন্ত্রীকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে হবে। পেশাদারি লোকদের দিয়ে বিমানের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।