বিমানের পাইলটদের ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অচলাবস্থার নয় দিনের মাথায় আজ শুক্রবার রাত পৌনে ১০টায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন পাইলটরা। রাত ১০টায় পাইলট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব প্রথম আলোকে বলেছেন, তাঁদের দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।বিশেষ ব্যবস্থায় কয়েকটি ফ্লাইট: পাইলটদের কর্মবিরতির কারণে বিমান কর্তৃপক্ষ আজ শুক্র ও কাল শনিবার হজ ফ্লাইট ছাড়া সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিলেও বিশেষ ব্যবস্থায় কয়েকটি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, আজ সকাল নয়টায় ২৫২ জন যাত্রীসহ সিঙ্গাপুর ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। একই উড়োজাহাজ ওই দেশের সময় বিকেল সাড়ে চারটায় ফিরতি ফ্লাইট নিয়ে সিঙ্গাপুর ছাড়ে।বেলা পৌনে তিনটায় ঢাকা-কলকাতা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা-সিলেট ফ্লাইট চালানো হয়। রাত সাড়ে ১০টায় জেদ্দা, সোয়া ১২টায় রিয়াদ ফ্লাইট এবং কাল শনিবার সকাল সোয়া আটটায় ঢাকা-লন্ডন ফ্লাইট যাওয়ার কথা রয়েছে।বিভিন্ন গন্তব্যে আটকে পড়া যাত্রীদের কথা বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থায় ফ্লাইটগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে বিমান সূত্র জানায়। বিদেশি পাইলট দিয়ে ভাড়া করা উড়োজাহাজে এবং বিমানের ব্যবস্থাপনা পর্যায়ে বিভিন্ন পদে কর্মরত পাইলটদের দিয়ে এসব ফ্লাইট চালানোর উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।প্রসঙ্গত, বিমানের পাইলটদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৬২ বছর করাকে কেন্দ্র করে সংকটের শুরু। বয়স বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ পাঁচ দফা দাবিতে ২০ অক্টোবর সংবাদ সম্মেলন করে পাইলটদের সংগঠন বাপা ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বিমান কর্তৃপক্ষকে। পরদিন বিকেল পাঁচটা থেকে বৈমানিকদের পূর্বঘোষিত কর্মসূচি শুরু হয়।চুক্তি অনুযায়ী বিমানের প্রত্যেক পাইলটকে মাসে ৭০ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করতে হয়। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তাঁরা চুক্তির বাইরে বাড়তি দায়িত্ব পালন না করার ঘোষণা দেন। ২২ অক্টোবর থেকে এই কর্মসূচি শুরুর পরপরই বিমানের ফ্লাইট সূচিতে বিপর্যয় শুরু হয়।