ঢাকা ও চট্টগ্রামে বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ, আজ হজ ফ্লাইট শুরু
বিমানের ফ্লাইটসূচি ভেঙে পড়েছে
ভাড়া করা একটি উড়োজাহাজ না বলে ভেগে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটসূচি ভেঙে পড়েছে। গতকাল রোববার ঢাকা থেকে লন্ডন ও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরগামী ফ্লাইট বাতিল করতে হয়েছে। বাকি গন্তব্যগুলোর ফ্লাইট বাতিল না হলেও কোনোটি সময়মতো ছাড়তে পারেনি। এ অবস্থায় আজ সোমবার শুরু হচ্ছে হজ ফ্লাইট।গত শুক্রবার থেকে বিমানের উড্ডয়নসূচি বিঘ্নিত হওয়া শুরু হয়। তিন দিন ধরে চলা সংকটে বিভিন্ন গন্তব্যের ফ্লাইটসূচি বারবার বদল হচ্ছে। সে সময়সূচিও পরে ঠিক রাখা যাচ্ছে না। এ অবস্থায় হজরত শাহজালাল বিমানবন্দরে আটকে থাকা যাত্রীরা গতকাল দুপুরে বিক্ষোভ করেন। চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরেও গতকাল দ্বিতীয় দফা যাত্রীরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন।বিমান সূত্র জানায়, গত মঙ্গলবারের কুয়েতগামী ফ্লাইট গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকা ছাড়তে পারেনি। একইভাবে গত শনিবারের আবুধাবিগামী ফ্লাইটও গতকাল সন্ধ্যা পর্যন্ত ঢাকা ছাড়েনি। একইভাবে মধ্যপ্রাচ্যের সবগুলো গন্তব্যের ফ্লাইট বিলম্বিত হওয়ায় যাত্রীদের দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে।জানতে চাইলে বিমানের মুখপাত্র মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন গতকাল সন্ধ্যায় জানান, কুয়েত ও আবুধাবিগামী ফ্লাইট দুটি রাতের মধ্যে ঢাকা ছেড়ে যাবে। সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আবুধাবির ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে যাওয়ার কথা ছিল। সেটি চট্টগ্রামে যাবে না, ঢাকা থেকে সরাসরি আবুধাবি যাবে। তিনি উড়োজাহাজ-সংকটের কারণে লন্ডন ও কুয়ালালামপুর ফ্লাইট বাতিল করার কথাও জানান।বিমান সূত্র জানায়, এক বছরের জন্য ভাড়া করা একটি বোয়িং-৭৪৭ গত বৃহস্পতিবার ঢাকা থেকে যাত্রী নিয়ে ওমান যায়। সেখান থেকে ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু বিমান কর্তৃপক্ষকে না জানিয়ে উড়োজাহাজটি যাত্রীদের ফেলে চলে যায়। এর পরদিন শুক্রবার থেকে সবগুলো গন্তব্যের ফ্লাইটসূচি পরিবর্তন হতে থাকে। এর মধ্যে শুক্রবারের ঢাকা-জেদ্দা ও শনিবারের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বাতিল করতে হয়েছে। বিমান সূত্র জানায়, ৫৮২ আসনের ভাড়া করা ওই উড়োজাহাজটি ২০ সেপ্টেম্বর পর্যন্ত থাকার কথা ছিল। এটি দিয়ে আরও আটটি ফ্লাইট পরিচালনার জন্য ফ্লাইটসূচি করা ছিল।বিমানের ফ্লাইট পরিচালন শাখার একজন কর্মকর্তা বলেন, পাঁচ শতাধিক আসনের উড়োজাহাজের ফ্লাইটগুলো ২৬০ আসনের এয়ারবাস কিংবা ১৬২ আসনের বোয়িং-৭৩৭ দিয়ে পরিচালনা করে যাত্রীদের সামলানো কঠিন হয়ে যাচ্ছে। এ অবস্থায় আজ সোমবার ভোরে শুরু হচ্ছে হজ ফ্লাইট। হজের জন্য ভাড়া করা একটি বোয়িংয়ের পাশাপাশি বিমানের নিজস্ব একটি উড়োজাহাজ যেকোনো সংকট মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। প্রসঙ্গত, হজ ফ্লাইটের জন্য দুটি উড়োজাহাজ ভাড়া করার পরিকল্পনা করেও বিমান শেষ পর্যন্ত ভাড়া করতে পেরেছে একটি। এ অবস্থায় নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করতে গত সপ্তাহে হংকং, দিল্লি, করাচি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া ব্যাংকক, সিঙ্গাপুর, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ইতালির মিলানসহ বিভিন্ন গন্তব্যে বিমানের ফ্লাইট সংখ্যা অনেক কমিয়ে আনা হয়। তবে এর মধ্যে শনিবার লন্ডন থেকে আসা বোয়িং-৭৭৭ উড়োজাহাজটি ঢাকায় অবতরণের আগমুহূর্তে ইঞ্জিনে পাখি আঘাত করে। ফলে ওই উড়োজাহাজটিও বসে যায়। এ কারণে ওই দিনের ঢাকা-লন্ডনের ফ্লাইট যেতে পারেনি। পরে কুয়ালালামপুর ফ্লাইট বাতিল করে ডিসি-১০ দিয়ে লন্ডন ফ্লাইট চালানোর চেষ্টা করা হলে তাতেও ত্রুটি দেখা দেয়। ফলে গতকাল লন্ডন ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সব মিলিয়ে গতকাল এসে ফ্লাইটসূচি অনেকটা ভেঙে পড়ে।বিমানের কর্মকর্তারা জানান, বোয়িং-৭৭৭ উড়োজাহাজটির মেরামত আজ ভোর পাঁচটায় শেষ হবে। তারপর সেটি পর্যবেক্ষণ শেষে লন্ডন ফ্লাইটের জন্য প্রস্তুত করা হবে। বিমানের মুখপাত্র খান মোশাররফ বলেন, ‘হঠাৎ একটি উড়োজাহাজ কমে যাওয়ায় ফ্লাইট পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে এটি কাটানোর জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’ বিমানবন্দরে বিক্ষোভ: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গতকাল সকাল ১০টায় কুয়েতগামী ফ্লাইট ছাড়ার কথা ছিল। নিয়মানুযায়ী, এর অন্তত দুই ঘণ্টা আগে যাত্রীরা বিমানবন্দরে পৌঁছান। প্রায় দেড় শ যাত্রী বিমানের কাউন্টারের সামনে অপেক্ষা করতে থাকেন। দুপুরে বিমানের ওই কাউন্টার থেকে জানানো হয়, উড়োজাহাজ-সংকটের কারণে কুয়েতগামী ফ্লাইট বিলম্বিত হবে। কয়টায় সেটি ছাড়তে পারবে, তা নির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। এরপর যাত্রীরা বিমানবন্দরের ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।যাত্রী হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার সকালে তাঁর ফ্লাইট ছিল। কিন্তু ফ্লাইট বিলম্বিত হবে বলে তাঁকে ফেরত পাঠানো হয়। এরপর শনিবার বিমান থেকে ফোনে জানানো হয়, রোববার (গতকাল) সকাল ১০টায় ফ্লাইট। কিন্তু রোববারও সমস্যা। শনিবার থেকে বিমানবন্দরেই অপেক্ষা করছেন মালয়েশিয়াগামী যাত্রী ভৈরবের মো. মাসুম। একই পরিস্থিতিতে পড়েছেন নারায়ণগঞ্জের সজীব মিয়া। সজীব দুবাইয়ের যাত্রী। তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাতটায় তাঁর ফ্লাইট ছিল। বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে জানানো হয়, ফ্লাইট যাবে না। পরে রোববার রাত ১০টায় যোগাযোগ করতে বলা হয়। চট্টগ্রামেও বিক্ষোভ: চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, বাংলাদেশ বিমানের আবুধাবিগামী ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা গতকাল বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভাঙচুর ও বিক্ষোভ করেছেন। পরে যাত্রীদের আজ সোমবার রাত ১০টায় বিমানের আরেকটি ফ্লাইটে পাঠানোর কথা বলে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়।চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বিমানের আবুধাবিগামী ফ্লাইট ছাড়ার কথা। যাত্রার এক ঘণ্টা আগে ফ্লাইট বাতিলের কথা যাত্রীদের জানানো হয়। এর পরই ২৩৬ জন যাত্রী বিমানবন্দরে বিক্ষোভ শুরু করেন। তাঁরা বিমানের কাউন্টারে ভাঙচুর করেন। এর আগে শনিবার বাংলাদেশ বিমানের ফ্লাইট বিপর্যয়ের কারণে চট্টগ্রাম থেকে জেদ্দাগামী ৮৪ জন যাত্রী গন্তব্যে যেতে পারেননি। পরে ক্ষুব্ধ যাত্রীরা ষোলশহরে বিমানের কার্যালয় ভাঙচুর করেন। এসব যাত্রীকে আরেকটি ফ্লাইটে কাল মঙ্গলবার জেদ্দায় পাঠানোর কথা রয়েছে।