বিদেশে বাংলাদেশ বিমানের বিভিন্ন শাখায় দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে নানা সময়ে। সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে টিকিট বিক্রিসহ বিমানের কার্যক্রমের ওপর পরিচালিত আর্থিক নিরীক্ষায় শুধু দুই অর্থবছরে ১০ কোটি ৬০ লাখ টাকার অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া সৌদি আরবের রিয়াদ শাখায় দুর্নীতির প্রমাণ মিলেছে বিমানের অভ্যন্তরীণ এক তদন্তে। আর কুয়েত ও ব্যাংকক শাখায় একই রকম অভিযোগের তদন্ত চলছে।গত মে মাসে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় থেকে এ আর্থিক নিরীক্ষা চালানো হয়। নিরীক্ষা প্রতিবেদন সম্প্রতি বিমান কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। বিমান সূত্রে পাওয়া ওই নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরে অভিনব কায়দায় দুর্নীতি করা হয়েছে। বয়স্কদের জন্য টিকিট বিক্রি করে তাতে যাত্রীর বয়স না লিখে শিশুদের জন্য নির্ধারিত কম ভাড়ায় টিকিট বিক্রি দেখিয়ে টাকা আত্মসাৎ করেছে স্থানীয় বিক্রয় এজেন্ট (জেনারেল সেলস এজেন্ট—জিএসএ)।আবার টিকিট বিক্রির অর্থ মার্কিন ডলারের পরিবর্তে আরব আমিরাতের দিনারে বাংলাদেশে স্থানান্তর করে মুদ্রা বিনিময় হারে কারচুপি করে আত্মসাৎ করা হয় প্রায় এক কোটি টাকা।নির্ধারিত ওজনের সীমাতিরিক্ত মালপত্র (ব্যাগেজ) বহন করলেও অতিরিক্ত ব্যাগেজ টিকিট ইস্যুর মাধ্যমে প্রযোজ্য চার্জ আদায় না করায় দুই বছরে বিমানের ক্ষতি হয় দুই কোটি ৪১ লাখ টাকা। অভিযোগ রয়েছে, অতিরিক্ত ব্যাগেজের ক্ষেত্রে এ রকম দুর্নীতি দীর্ঘদিনের। এ ক্ষেত্রে জড়িত দায়িত্বশীল কতিপয় বিমান কর্মকর্তা।বিমানের পাইলট ও যাত্রীসেবা কর্মীদের (কেবিন ক্রু) মাসকাটে থাকার জন্য হোটেল নির্বাচনের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। এ ক্ষেত্রে পাঁচ কোটি ২৬ লাখ টাকার অনিয়ম ধরা পড়েছে নিরীক্ষায়।বিমানের একটি সূত্র জানায়, দেশে-বিদেশে হোটেল নির্বাচনের ক্ষেত্রে এ রকম অনিয়ম-দুর্নীতির অভিযোগ অতীতেও বিভিন্ন সময়ে উঠেছে। নিরীক্ষায় সব মিলে ১০ কোটি ৬০ লাখ টাকার অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। নিরীক্ষা প্রতিবেদনে বিমানের দুর্বল ব্যবস্থাপনা, প্রতিযোগিতামূলক বাজারদর যাচাই ছাড়া জিএসএর সঙ্গে ত্রুটিপূর্ণ চুক্তির মেয়াদ বারবার বৃদ্ধি ও নগণ্য ব্যাংক গ্যারান্টি রাখার মাধ্যমে জিএসএকে অবৈধ আর্থিক সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়। বলা হয়, ‘জিএসএ ওমান ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সিকে ৩০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ২০ কোটি টাকার অবৈধ আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে বিমানের মাসকাট স্টেশনকে সমপরিমাণ টাকার ঝুঁকির মধ্যে রাখা হয়েছে।’ তাই জিএসএর সঙ্গে ৩০ বছর আগে সম্পাদিত চুক্তি পুনর্মূল্যায়ন ও ক্ষতির টাকা তাদের কাছ থেকে আদায় করার সুপারিশ করা হয়।বিমান কর্তৃপক্ষ এই নিরীক্ষা প্রতিবেদন পাওয়ার পরও ওমানের জিএসএ পাল্টায়নি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ওমানে দুই অর্থবছরে ১০ কোটি টাকার আর্থিক অনিয়ম পাওয়া গেছে। গত ৩০ বছরে সেখানে এ রকম কয়েক শ কোটি টাকার অনিয়ম হয়েছে এবং তা থেকে প্রধান কার্যালয়ের অনেকেই সুবিধা পেয়েছেন।বিমানের এমডি জাকীউল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে এখন সংসদীয় কমিটি তদন্ত করছে। তাই তাঁর মন্তব্য করা সমীচীন হবে না। তিনি বলেন, তদন্তে টিকিট বিক্রির দুর্নীতির প্রমাণ মিললে জিএসএর কাছ থেকে টাকা আদায়ের ব্যবস্থা করা হবে।রিয়াদসহ অন্যান্য স্টেশনে দুর্নীতি: বিভিন্ন দেশ থেকে ঢাকা অভিমুখে বিমানের ফ্লাইটে যাত্রীদের কাছ থেকে ঘুষ নিয়ে অতিরিক্ত মালামাল বহনের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে। সৌদি আরবের রিয়াদ শাখায় এমন দুর্নীতির প্রমাণ মিলেছে বিমানের অভ্যন্তরীণ এক তদন্তে। বিমানের ব্যবস্থাপক (নিরাপত্তা) মোহাম্মদ নুরুজ্জামান মণ্ডলের নেতৃত্বে তদন্তে বড় ধরনের অনিয়ম-দুর্নীতি ধরা পড়েছে বলে প্রশাসন শাখার একটি সূত্র জানিয়েছে।দুর্নীতির জন্য রিয়াদে বিমানের স্টেশন ম্যানেজার রেজাউল করিম ও সহকারী স্টেশন ম্যানেজার মেজবাহ উদ্দিনকে দায়ী করে গত এপ্রিলে তদন্ত প্রতিবেদন দেওয়ার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়। নথিপত্রে দেখা যায়, এর পরের মাসেই অতিরিক্ত মাল বহন বাবদ রিয়াদ থেকে বিমানের আয় বেড়ে যায় এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল (২৪ লাখ টাকা)। এর পরের মাসগুলোতে পর্যায়ক্রমে এ খাতে আয় আরও বৃদ্ধি পায়।বিমানের প্রশাসন শাখার এক কর্মকর্তা বলেন, সাময়িক বরখাস্তের পর ওই দুই কর্মকর্তার পক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা তদবির করেন। ফলে তাঁদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। উল্টো তদন্ত কর্মকর্তারা ঝুঁকির মধ্যে পড়েন।বিমানের সহকারী ব্যবস্থাপক প্রশাসন (তদন্ত) শাখার এক নথিতে দেখা যায়, এর আগে ২০১০ সালেও নিরাপত্তা শাখার এক তদন্তে বিমানের রিয়াদ-ঢাকা ফ্লাইটে এমন দুর্নীতি ধরা পড়েছিল। তখন রিয়াদে বিমানের তৎকালীন আঞ্চলিক ব্যবস্থাপক, স্টেশন ব্যবস্থাপক ও জিএসএকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। এ ছাড়া করাচি, লন্ডন, কুয়েত, জেদ্দা ও ব্যাংকক স্টেশনেও বিভিন্ন সময়ে এমন দুর্নীতির অভিযোগ ওঠে।জানতে চাইলে বিমানের এমডি জাকীউল ইসলাম বলেন, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কুয়েত ও ব্যাংকক থেকে দুজন স্টেশন ম্যানেজারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি দাবি করেন, ‘এ ক্ষেত্রে সার্ভিলেন্স বাড়ানো হয়েছে। সারপ্রাইজ চেক (আকষ্মিক পরিদর্শন) চলছে। এতে ইতিবাচক রেজাল্টও (ফল) পাওয়া যাচ্ছে।’