বিমানের লাভের গুড় পিঁপড়ায় খায়!
বিমান বাংলাদেশ এয়ারলাইনস গত অর্থবছরে লোকসান দিয়েছে ৮০ কোটি টাকা। লোকসানের কারণ শনাক্ত এবং তা সামাল দিতে কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এর মধ্যেই বিমানের বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য থেকে মালামাল পরিবহন খাতে চলছে বড় ধরনের দুর্নীতি। প্রথম আলোর অনুসন্ধানে ব্যাংকক গন্তব্যে এমন প্রমাণ মিলেছে। কিন্তু বিমানের একটি সূত্র জানায়, শুধু ব্যাংকক নয়; লন্ডন, করাচি, সিঙ্গাপুর, কুয়েতসহ অন্য গন্তব্য থেকে ঢাকামুখী বিমানের ফ্লাইটে চলছে একই রকম লুটপাট।গত ২৯ মার্চ বিমানের (বিজি-০৮৯) ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় আসেন এই প্রতিবেদক। সুবর্ণভূমি বিমানবন্দরে দেখা যায়, বিমানের সবগুলো কাউন্টারের সামনে পণ্যবোঝাই ট্রলির লম্বা লাইন। কয়েকজন ট্রলির সঙ্গে থাকা ব্যক্তিদের পাসপোর্টগুলো সংগ্রহ করছিলেন। তাঁরা নিজেদের মধ্যে কথা বলছিলেন হিন্দি ভাষায়। জানা গেল, তাঁরা সবাই ট্রানজিট যাত্রী। তাঁরা ২৬ মার্চ কলকাতা থেকে বাংলাদেশ বিমানের (কলকাতা-ঢাকা-ব্যাংকক) ফ্লাইটে ব্যাংককে আসেন। আর ২৯ মার্চ গার্মেন্ট-সামগ্রী ও এলসিডি টেলিভিশন নিয়ে ফিরছেন। তাঁরা জনপ্রতি ১০০ কেজি করে পণ্য নিয়ে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেল, ওই ফ্লাইটে ‘লাগেজ পার্টি’ নামে পরিচিত ৪৯ জন ভারতীয় পাসপোর্টধারী ট্রানজিট যাত্রী ছিলেন। তাঁদের প্রতি ১০ জনের জন্য একজন করে দলনেতা থাকেন।এ রকম এক দলনেতার নাম মেহমুদ আলম। বাড়ি কলকাতায় বলে জানালেন। বছর দশেক ধরে তিনি ব্যাংকক রুটে লাগেজ পার্টির কারবার করছেন বলে জানান। আগে তিনি হংকক ও সিঙ্গাপুর থেকে এ ব্যবসা করতেন। সব সময়ই তাঁর পছন্দের বাহন বাংলাদেশ বিমান। কারণ, এ রকম সুযোগ অন্য এয়ারলাইনসে পাওয়া যায় না।বিমানে মেহমুদ আলমের আসন নম্বর ছিল ২৮-ই। এই প্রতিবেদকের আসন ৯-সি। পাশের দুই যাত্রী বিজনেস শ্রেণীতে স্থানান্তরিত হওয়ায় এই প্রতিনিধির পাশে এসে বসেন মেহমুদ আলম। আপনার সিট ফেলে এখানে কেন বসছেন—এ প্রশ্নের জবাবে তিনি বললেন, তাঁদের আসনে মাল রেখেছেন, তাই একটু আরাম করে বসতে সামনের দিকে এসেছেন। ১৬২ আসনের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের ওই ফ্লাইটে মোট যাত্রী ছিলেন ৯৭ জন। ১২ আসনের বিজনেস শ্রেণী বাদ দিলে সাধারণ শ্রেণীর ১৫০ আসনের মধ্যে প্রায় ৫৫টি আসনই খালি। পেছনের দিকে এসব খালি আসনে ছড়িয়ে-ছিটিয়ে বসেছেন লাগেজ পার্টির কারবারিরা। অনেকে হাতে বহন করা পণ্যভর্তি বড় ব্যাগও রেখেছেন কোনো কোনো আসনে। মেহমুদের সঙ্গে দীর্ঘ আলাপে জানা গেল, তাঁরা মূলত পণ্য বহনকারী। কলকাতার বিভিন্ন ব্যবসায়ীর মালামাল তাঁরা বহন করেন। একটি ফ্লাইটে জনপ্রতি ১০০ কেজি মাল বহন করেন। প্রতি যাত্রায় (আসা-যাওয়ায়) তিন দিন যায়। খরচ মালিকের। তাঁরা জনপ্রতি প্রতিবারের জন্য এক হাজার রুপি পারিশ্রমিক পান।কলকাতা থেকে ভারতীয় একাধিক এয়ারলাইনসের ফ্লাইট থাকা সত্ত্বেও ঢাকা হয়ে বিমানে কেন চড়ছেন—এই প্রশ্নের জবাবে মেহমুদ বললেন, বাংলাদেশ বিমানের মতো ঘুষ দিয়ে এত পরিমাণ মাল অন্য এয়ারলাইনসে নেওয়া যায় না। তা ছাড়া তাঁদের জন্য বিমান হ্রাসকৃত মূল্যে টিকিট বিক্রি করে। তাঁরা কলকাতা থেকে ঢাকা হয়ে ব্যাংকক পর্যন্ত ফিরতি টিকিট কেটেছেন (সব করসহ ইকোনমি শ্রেণী) জনপ্রতি ১১ হাজার ৭০০ রুপি বা ১৯ হাজার ৩০০ টাকায়। অথচ ঢাকা থেকে ব্যাংককের টিকিট ২৮ হাজার টাকা (করসহ)। এ তথ্য জেনে মেহমুদ নিজেই হতবাক। মেহমুদ জানান, তাঁরা ১০ জন করে একটি গ্রুপ। প্রতি ১০ জন এক হাজার কেজি পণ্য বহন করেন। তাঁর দাবি, তাঁরা জনপ্রতি ৪০ কেজি ফ্রি নিতে পারেন। কীভাবে সেটা—তাঁর ব্যাখ্যা, প্রতি টিকিটে ২৫ কেজি ব্যাগেজ ফ্রি। এ ছাড়া হাতে বহন করা যায় একটি ব্যাগ। সর্বোচ্চ ১০ কেজি হওয়ার কথা হলেও তাঁরা ১৫ কেজি করে বহন করেন। এভাবে প্রতি ১০ জনে ৪০০ কেজি ফ্রি পান। বাকি ৬০০ কেজির জন্য কত টাকা ভাড়া দিলেন—এ প্রশ্নের জবাবে মেহমুদ বলেন, বাকি ৬০০ কেজির মধ্যে ১০০ কেজির ভাড়া ১২ হাজার বাথ বা প্রায় ২৯ হাজার টাকা পরিশোধ করেছেন। আর ১০ হাজার বাথ বা ২৪ হাজার টাকা নগদ ঘুষ দিয়েছেন বিমানের ব্যাংককের স্টেশন ম্যানেজারকে। অর্থাৎ বিমান বঞ্চিত হলো ৫০০ কেজির ভাড়া থেকে (থাই মুদ্রায় ৬০ হাজার বাথ বা এক লাখ ৪৫ হাজার ৩৮৫ টাকা)। ওই ফ্লাইটে লাগেজ পার্টি পাঁচ গ্রুপে প্রায় পাঁচ হাজার কেজি মাল বহন করে। মেহমুদের হিসাব অনুযায়ী, বিমান বঞ্চিত হয়েছে আড়াই হাজার কেজির ভাড়া বাবদ তিন লাখ বাথ, যা বাংলাদেশি মুদ্রায় সাত লাখ ২০ হাজার টাকা। আর স্টেশন ম্যানেজার ঘুষ পেলেন ৫০ হাজার বাথ বা এক লাখ ২০ হাজার টাকা।মেহমুদ জানালেন, তাঁরা প্রতি মাসে ব্যাংকক রুটে পাঁচ থেকে সাতটি ট্রিপ করেন এ রকম। এ ছাড়া তাঁরা প্রতি ১০টি টিকিটে ভ্রমণ করে ৪০টি বোর্ডিং পাস (যেতে দুবার ও আসতে দুবার বোর্ডিং) জমা দিয়ে একটি টিকিট ফ্রি পান। ঢাকায় ফিরে এ ব্যাপারে টেলিফোনে জানতে চাইলে বিমানের ব্যাংককের স্টেশন ম্যানেজার মোহাম্মদ কামাল প্রথম আলোর কাছে ঘুষ নেওয়ার কথা সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘এরা লাগেজ পার্টি, এরা তো কত কথাই বলে, তাই না? তাছাড়া আমাকে ঘুষ দেওয়ার কথা তারা আপনাকে কেন বলল, বুঝতে পারছি না। তারা আমাকে কেন টাকা দেবে, ওদের তো কাউন্টারে টাকা দেওয়ার কথা।’ এরপর তিনি বলেন, ‘আসলে আমরা চেষ্টা করছি এ ধরনের কমার্শিয়াল প্যাসেঞ্জার বাদ দিতে। আমরা এ রুটে নরমাল প্যাসেঞ্জার পাচ্ছিলাম না, তাই এদের নিচ্ছি। এদের নিয়ে এয়ারপোর্টেও সমস্যা হয়। নরমাল প্যাসেঞ্জার পেলে এদের না নেওয়ার চেষ্টা করব।’এ ব্যাপারে কয়েক দিন ধরে বিমানের সংশ্লিষ্ট শাখাগুলোতে খোঁজখবর করে জানা গেল, এ রকম ঘটনা লন্ডন গন্তব্যেও হয়। সেখানে ভাড়া আরও বেশি, তাই বিমানের ক্ষতিও বেশি। কুয়েতে এ রকম ঘটনার অভিযোগে সেখানকার স্টেশন ম্যানেজারকে সম্প্রতি ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। এ ছাড়া করাচি, সিঙ্গাপুর, জেদ্দা, রিয়াদ থেকেও ঢাকামুখী বিমানের ফ্লাইটে পণ্য পরিবহনে বিমান বিপুল অর্থ গচ্ছা দিচ্ছে। বিমানের বিক্রয় ও বিপণন শাখার এক কর্মকর্তা বলেন, ‘বুঝলেন, এভাবেই বিমানের লাভের গুড় পিঁপড়ায় খায়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিমানের এক বৈঠকে বলেছিলেন, ৩০ বছরে শুধু এক্সট্রা লাগেজের যত টাকা লুটপাট হয়েছে, তা দিয়ে একটি ফ্লিট সাজানো যেত।’জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এয়ার কমোডর (অব.) জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, এমন অভিযোগের কথা তিনিও শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমডি জানান, ব্যাংকক গন্তব্যে যে ঘটনা শুনলেন, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কুয়েতের স্টেশন ম্যানেজারকেও ডেকে পাঠানো হয়েছে।বিমানের এক কর্মকর্তা অভিযোগ করেন, শুধু এই লাগেজ পার্টির স্বার্থে কলকাতা রুটের ভাড়া কমানো হয়েছে। এতে যে বিপুল ঘুষের লেনদেন হয়, তার ভাগও হয়তো অনেকের পকেটে যায়।এ অভিযোগ প্রসঙ্গে এমডি জাকিউল ইসলাম বলেন, ভাড়া নির্ধারণ করে বিমানের ট্যারিফ কমিশন। আর ব্যাংকক রুটে যাত্রী কমে যাওয়ায় বাণিজ্যিক স্বার্থে হয়তো গ্রুপ ফেয়ার কমানো হয়েছে। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হবে।