বিমানের লোকসানের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় মন্ত্রণালয়, ফের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীর সংখ্যা গত অর্থবছরে আগের বছরের তুলনায় দুই শতাংশ বেড়েছে। মানে বিমানের আয় বেড়েছে। আবার এই সময় বিমানের ফ্লাইট সংখ্যা কমেছে। মানে খরচ কমেছে। কিন্তু বিমান লোকসান দিয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এটা কীভাবে ঘটল, বিমানের কাছে তা জানতে চেয়ে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে মন্ত্রণালয়। কারণ প্রথম চিঠির জবাবে সন্তুষ্ট নয় মন্ত্রণালয়। জানা গেছে, প্রথম চিঠির জবাবে বিমান লোকসানের ছয়টি কারণ জানিয়েছে। বিমানের পাঠানো এই ব্যাখ্যাকে ‘স্ববিরোধিতায় পরিপূর্ণ এবং দায়সারা গোছের’ বলে মন্তব্য করেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়। লোকসানের প্রকৃত কারণ জানাতে আবারও বিমান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকীউল ইসলামকে দেওয়া এ চিঠিতে বলা হয়, বিমানের ব্যাখ্যায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে এর ব্যবস্থাপনার দুর্বলতাই প্রকাশ করে না, বরং দায়িত্ববোধের বিষয়ে সচেতনতার অভাবও প্রকাশ করে। বিমানের জবাব ও মন্ত্রণালয়ের বক্তব্য: এক. যাত্রীর সংখ্যা বাড়লেও এয়ারলাইনসগুলোর অসম প্রতিযোগিতার কারণে লোকসান হয়েছে। এ ছাড়া উড়োজাহাজ-স্বল্পতা, ফ্লাইটের সংখ্যা হ্রাস, ফ্লাইট বাতিলকে লোকসানের কারণ হিসেবে দেখানো হয়। মন্ত্রণালয় বলেছে, আগের দুই বছর বিমানের লাভের পর গত বছর যাত্রীর সংখ্যা দুই শতাংশ বেড়েছে, তাহলে উড়োজাহাজ-স্বল্পতা, ফ্লাইট সংখ্যা হ্রাস, ফ্লাইট শিডিউল বিপর্যয়ের বিষয়টি বিমানের আর্থিক ক্ষতির বিশেষ কারণ হিসেবে বিবেচনাযোগ্য নয়। দুই. মধ্যপ্রাচ্যসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চাহিদা থাকা সত্ত্বেও পরিকল্পনা অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা যায়নি। মন্ত্রণালয় বলেছে, এতে বোঝা যাচ্ছে, পরিচালনা পর্ষদ এবং বিমান কর্তৃপক্ষ বাস্তবসম্মত ও সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তিন. যাত্রী পরিবহন খাতে ১৬৫ কোটি টাকা রাজস্ব আয় কম হয়েছে। বিমানের যুক্তি দুই শতাংশ বেশি যাত্রী পরিবহন করেও মূলত বিভিন্ন রুটে পাসেঞ্জার ইল্ড কমে যাওয়ায় এমনটি হয়েছে। মন্ত্রণালয় বলেছে, এটা বিমান কর্তৃপক্ষের অদক্ষতাই প্রমাণ করে। মন্ত্রণালয় পাসেঞ্জার ইলেডর ব্যাখ্যাও জানতে চেয়েছে চিঠিতে। চার. ২০০৯-১০ অর্থবছরে উড়োজাহাজের লিজ রেন্ট বাবদ ব্যয় ১০২ কোটি টাকা বেড়েছে। জবাবে মন্ত্রণালয় বলেছে, সুষ্ঠু ব্যবস্থাপনায় আয় হিসাব করে ব্যয়ের পরিকল্পনা করা আবশ্যক। সেটি কেন সম্ভব হয়নি? এর দায় কার? পাঁচ. কম্পিউটারাইজড রিজার্ভেশন ব্যয় ১৫ কোটি টাকা বেড়েছে। মন্ত্রণালয় বলেছে, কম্পিউটারাইজড পদ্ধতি চালু হওয়ায় ব্যয় সাশ্রয় হওয়ার কথা। কেন হয়নি, এর দায়দায়িত্ব সুনির্দিষ্টভাবে নিরূপণ করা বাঞ্ছনীয়। ছয়. বিমান বলেছে, বিভিন্ন বৈদেশিক স্টেশনের ল্যান্ডিং, পার্কিং, ওভার ফ্লাইং খাতে ব্যয় গত বছরের তুলনার ৬৩ দশমিক ৬১ কোটি টাকা বেড়েছে। ক্রুদের খাবার ব্যয়ও বেড়েছে ১২ দশমিক ৩৬ কোটি টাকা। মন্ত্রণালয় বলেছে, ব্যয় বাড়ানোর সময় আয়ের সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ বিষয়ে বিমানের মতামতও চেয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চিঠিতে বিমানের পরিচালনা পর্ষদের সভায় লোকসানের প্রকৃত কারণটি খুঁজে বের করে আবার মন্ত্রণালয়কে জানানোর জন্য বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ‘বাণিজ্যিক ভিত্তিতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত’ করা হবে বলে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের গত দুই বছরে প্রতিষ্ঠানটি পরিণত হয়েছে লোকসানি প্রতিষ্ঠানে।