বিমানের লোকসানের যুক্তি আমলে নেয়নি সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী উড়োজাহাজ পরিচালনা ব্যবসা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসও লোকসান দিচ্ছে। আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ যুক্তি তুলে ধরেছেন বিমানের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ। তবে বিমানের চেয়ারম্যানের এই যুক্তি আমলে নেয়নি সংসদীয় কমিটি। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্যরা বিমানের অব্যাহত লোকসানের ব্যাপারে পরিচালনা পর্ষদের কাছে জানতে চান। এর জবাবে বিমানের চেয়ারম্যান পুরোনো এয়ারক্রাফট, জ্বালানি তেলের দাম বাড়া এবং বিশ্বব্যাপী বিমান পরিচালনা শিল্পের সংকটের কথা তুলে ধরেন। কিন্তু কমিটি চেয়ারম্যানের এই যুক্তিকে অগ্রহণযোগ্য বলে মত দেয়। বৈঠক শেষে কমিটির সদস্য মঈন উদ্দীন খান বাদল সাংবাদিকদের বলেন, চেয়ারম্যানের যুক্তি কমিটি গ্রহণ করেনি। কারণ, বিশ্বব্যাপী বিমান পরিচালনা ব্যবসা সংকটে রয়েছে বলে তিনি যে মত দিয়েছেন, তা সঠিক নয়। কমিটি বলছে পরিচালনা বোর্ড বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ব্যর্থ হয়েছে।সূত্র জানায়, হজযাত্রী পরিচালনায় বোয়িং-৭৭৭ ব্যবহার কতটুকু যৌক্তিক হবে, তা খতিয়ে দেখার জন্য কমিটি সুপারিশ করেছে। বিমান বলেছে, ইজারা নেওয়া উড়োজাহাজে ঠিকমতো হজযাত্রী না নিতে পারলে বোয়িং-৭৭৭-এ করে যাত্রী নিয়ে যাওয়া হবে। কমিটি বলেছে, লন্ডনের ফ্লাইট শিডিউল বাতিল করে বোয়িং-৭৭৭ দিয়ে হজযাত্রী পরিবহন করা যৌক্তিক হবে কি না, তা খতিয়ে দেখা উচিত।কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও বিমানমন্ত্রী ফারুক খান, সৈয়দ মহসিন আলী, মঈন উদ্দীন খান বাদল ও শেফালী মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিমানের চেয়ারম্যান জামালউদ্দিনসহ বিমান পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।