বিমানের হজ ফ্লাইট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হয়েছে। প্রথম হজ ফ্লাইটটি গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা। ফ্লাইটটি প্রথমে উড্ডয়নের কথা ছিল গত রাত ১০টা ৪০ মিনিটে।ফ্লাইটের সময় পরিবর্তনের বিষয়ে বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে জানান, বিমানের সব প্রস্তুতি ঠিক আছে। কিন্তু এ ব্যাপারে জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষের প্রস্তুতির কারণে বিমানের হজ ফ্লাইটের সময়সূচিতে এই পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, ৪৭৭ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি শুক্রবার রাত সাড়ে তিনটায় জেদ্দার উদ্দেশে রওনা হবে। প্রথম ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাতে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জি এম কাদের ও ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।জানা গেছে, ভাড়ায় আনা বোয়িং ৭৪৭ উড়োজাহাজ দিয়ে প্রথম ফ্লাইটটি পরিচালনা করা হবে। বিমান মোট দুটি বোয়িং ৭৪৭ ভাড়া করেছে। এ দুটি ছাড়াও নিজস্ব একটি ডিসি-১০ উড়োজাহাজ দিয়ে ১০৫টি হজ ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিয়েছে। নিয়মিত ফ্লাইটেও বেশ কিছু হজযাত্রী পরিবহন করা হবে। এবার প্রায় ৯৪ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালন করবেন। এঁদের মধ্যে ছয় হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) এবং বাকি ৮৭ হাজার বেসরকারি ব্যবস্থাপনায় (নন-ব্যালটি) এজেন্সিগুলোর তত্ত্বাবধানে যাবেন।বিমান সূত্র জানায়, বিমান মোট ৪৫ হাজার হজযাত্রী পরিবহন করবে। বাকি হজযাত্রীদের পরিবহন করবে সৌদি এয়ারলাইনসসহ বিভিন্ন দেশের নয়টি এয়ারলাইনস। এবার ঢাকা-জেদ্দা-ঢাকা গন্তব্যে হজযাত্রীদের বিমান ভাড়া এক হাজার ৩৫০ মার্কিন ডলার। এর সঙ্গে যোগ হবে অন্যান্য কর।বিমানের কর্মকর্তারা জানান, হজ ফ্লাইট চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। এরপর আগামী ২১ নভেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২১ ডিসেম্বর শেষ হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে হজ ক্যাম্প-২০১০-এর উদ্বোধন করেন।